
আন্তর্জাতিক ডেস্কঃ কংগ্রেসে চলছে বংশ পরম্পরার রাজনীতি'- এ বলেই নিজের ব্লগে প্রকাশিত এক লেখায় সর্বভারতীয় কংগ্রেসকে আক্রমণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি।এর তড়িৎ জবাব দিলেন কংগ্রেসের উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। প্রিয়াঙ্কা সোজা বলে দিলেন, 'জনগণকে বোকা না ভাবা প্রধানমন্ত্রীর বন্ধ করা উচিত।' নরেন্দ্র মোদি লিখেছেন, ‘২০১৪ সালে দেশের জনগণ নিশ্চিন্তভাবে বংশ পরম্পরার রাজনীতিকে ভোট দিয়েছিল। কিন্তু যখনই উত্তরাধিকার সূত্রে পাওয়া রাজনীতি শক্তিশালী হয়ে যায়, তখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মারাত্মক আঘাতের সম্মুখীন হয়। উত্তরাধিকার সূত্রে পাওয়া ক্ষমতার চেয়ে দেশকে অগ্রাধিকার দিয়ে যে সরকার কাজ করে তারাই আসলে ভাল কাজ করে।’
সর্বভারতীয় কংগ্রেসকে কটাক্ষ করে মোদি আরও লিখেছেন, বংশ পরম্পরার রাজনীতির কারণেই দেশের পার্লামেন্ট, প্রেস, সংবিধান, আদালত ও সশস্ত্র বাহিনীর মতো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।মোদির এসব মন্তব্যের জবাব দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। নদীপথে তিনদিনের নির্বাচনী প্রচারণা 'গঙ্গাযত্রা'য় রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। এ কর্মসূচির মধ্যেই ব্লগে তিনি লিখেছেন, ‘ক্ষমতাশীন দল বিজেপি গত ৫ বছরে দেশের গণমাধ্যমসহ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বিপদের মুখে ফেলেছে।প্রধানমন্ত্রীর উচিত জনগণকে আর বোকা না ভাবা।'
প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন, যারা ক্ষমতায় অন্ধ থাকেন তারা শুধু অপরের নিন্দাই করতে পারেন। মোদিকে উদ্দেশ্য করে প্রিয়াঙ্কা আরও বলেন, 'ক্ষমতার চূড়ায় থাকলে দুটি ভুল ধারণা কাজ করে। প্রথমটি হলো, তারা মনে করে, খুব সহজেই জনগণকে ভুল পথে নেওয়া যায় এবং দ্বিতীয়টি হলো, তারা ভাবেন, তাদের বিরুদ্ধে কথা বলতে সবাই ভয় পায়।' মোদির বিজেপিকে উদ্দেশ্য করে প্রিয়াঙ্কা বলেন, ‘তারা যাই করুক, আমরা ভয় পাই না। যত খুশি আমাদের অপদস্ত করার চেষ্টা করুক, আমরা লড়াই অব্যাহত রাখবো।’ গান্ধী পরিবারকে আক্রমণ করে মোদি লিখেছেন, ‘১৯৪৭ সালের পর প্রতিটি কংগ্রেস সরকার একাধিক প্রতিরক্ষা প্রকল্প গ্রহণ করেছে। জীপ থেকে শুরু করে বন্দুক, সাবমেরিন এবং হেলিকপ্টার কেনার চুক্তি হয়েছে। আর প্রতিটি চুক্তির ক্ষেত্রে মধ্যস্থকারী ছিল একটি পরিবার।' মোদি বলেন, 'কংগ্রেস দেশের আভ্যন্তরীণ গণতন্ত্রকে বিশ্বাস করে না। আর কেউ দলের প্রধান হওয়ার সাহস দেখালে তাকে কংগ্রেস থেকে বের করে দেওয়া হয়।’ জবাবে প্রিয়াঙ্কা একটি কথাই জোর দিয়ে বলেছেন, তা হলো, 'জনগণকে বোকা ভাবা প্রধানমন্ত্রীর এখন বন্ধ করা উচিত।