News71.com
 International
 07 Mar 19, 05:11 AM
 137           
 0
 07 Mar 19, 05:11 AM

মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থীদের সন্তানদের আয়ের খোঁজও নেবে নির্বাচন কমিশন॥

মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থীদের সন্তানদের আয়ের খোঁজও নেবে নির্বাচন কমিশন॥

আন্তর্জাতিক ডেস্কঃ লোকসভা ভোটে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমস্ত প্রার্থীকে গত পাঁচ বছরের আয়-ব্যয়ের হিসেব দাখিল করতে হবে৷ শুধু প্রার্থীই নয় পরিবারের বাকি সদস্যদেরও গত পাঁচ বছরের আয়-ব্যয়ের হিসেব জমা দিতে হবে৷ নির্বাচন কমিশন এবিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে৷ নির্দেশিকায় বলা হয়েছে, প্রার্থীর বিদেশে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিনিয়োগ ও অন্যান্য সম্পত্তির কথা হলফনামায় বাধ্যতামূলক ভাবে উল্লেখ করতে হবে। এত দিন প্রার্থীর নিজের ও পরিবারের বিগত বছরের আয়ব্যয়ের হিসেব জমা নেওয়া হত। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগে ২৬-এ ফর্মে বিদেশের ব্যাংকে গচ্ছিত অর্থ বা সম্পত্তির হিসেব দেওয়ার মতো কোনও জায়গা ওই ফর্মে ছিল না। কমিশনের সুপারিশে আইন মন্ত্রক ওই ফর্ম বদল এনে নতুন জায়গা তৈরি করেছে।

সেখানে বিদেশের ব্যাংক বা অর্থলগ্নি সংস্থায় গচ্ছিত অর্থ বা বিদেশে স্থাবর ও অস্থাবর সম্পত্তি থাকলে তা উল্লেখ করতে হবে। সেই সঙ্গে দিতে হবে প্যান নম্বরও। যদি কোনও প্রার্থীর প্যান কার্ড না থাকে, তাহলে ফর্মে তাঁকে উল্লেখ করতে হবে নো প্যান অ্যালোটেড। এছাড়া, কেন্দ্রীয় নির্বাচন কমিশন আয়কর দফতরকে নির্দেশ দিয়েছে, প্রার্থীদের সম্পত্তি গত লোকসভা নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি হলে তাঁদের আয়ের উৎস সম্পর্কে খোঁজ নিতে৷ জানা গিয়েছে, যদি কোনও নির্বাচিত প্রার্থীর বিরুদ্ধে ফর্ম ২৬-এ সত্য গোপনের অভিযোগ প্রমাণিত হয়, তাঁর নির্বাচন অবৈধ বলে ঘোষিত হবে। শাস্তি হতে পারে ছয় মাস অবধি কারাদণ্ড বা জরিমানা৷ প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে বিহারের সাসারাম কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপি সাংসদ ছেদি পাসোয়ান ফর্ম ২৬-এ তাঁর বিরুদ্ধে চলতে থাকা একটি ফৌজদারি মামলার কথা গোপন করার দায়ে লোকসভার সদস্যপদ হারিয়েছিলেন পাটনা হাইকোর্টের নির্দেশে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন