News71.com
 International
 06 Mar 19, 05:58 AM
 138           
 0
 06 Mar 19, 05:58 AM

ভারতীয় সাবমেরিন প্রতিহত করার পাকিস্তানি দাবি হাস্যকর, সাজানো গল্প॥মাসুদ আজহারের ভাই ও ছেলে আটক

ভারতীয় সাবমেরিন প্রতিহত করার পাকিস্তানি দাবি হাস্যকর, সাজানো গল্প॥মাসুদ আজহারের ভাই ও ছেলে আটক

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান দাবি করেছে, তাদের জলসীমায় ভারতের একটি সাবমেরিন ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু তারা সফলতার সঙ্গে সেই প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে। তবে নয়াদিল্লি ইসলামাবাদের এই দাবিকে উড়িয়ে দিয়ে বলেছে, এটা পাকিস্তানের সাজানো মনগড়া গল্প। এদিকে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহাম্মদের প্রধানের ছেলে এবং ভাইসহ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার।

যা বলছে পাকিস্তান:
পাকিস্তান নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, গত সোমবার রাতে ভারতের একটি সাবমেরিন তাদের জলসীমায় প্রবেশের চেষ্টা করে। কিন্তু তারা সেটি ধরে ফেলেন। এরপর জলসীমায় ঢুকতে দেওয়া হয়নি। সফলভাবেই সেই প্রচেষ্টা নস্যাত্ করা হয় বলে দাবি মুখপাত্রের। তার দাবি পাকিস্তান নৌবাহিনী এক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও পাকিস্তান প্রচারও করেছে। এর আগেও ২০১৬ সালে পাকিস্তান ভারতের একটি সাবমেরিন আটকে দিয়েছিল বলে দাবি করছে নৌবাহিনী।

পাকিস্তানের মিথ্যাচার:
এদিকে ভারতের নৌবাহিনী গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের দাবিকে মিথ্যা প্রচারণা বলে দাবি করেছে। বিবৃতিতে পাকিস্তানের ভিডিওটি সাজানো গল্প এবং এর কোনো ভিত্তি নেই বলে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে ভারতের নৌবাহিনী তার জলসীমা রক্ষায় যথাস্থানে মোতায়েন রয়েছে। আমরা পাকিস্তানে ঢোকার কোনো চেষ্টাই করিনি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের প্রচার করা ভিডিওটি ২০১৬ সালের। গতকালই ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনিল লাংবা বলেন, জলপথে হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা। এই সংক্রান্ত গোয়েন্দা রিপোর্ট রয়েছে।তাই রুটিন মাফিক কাজ করছে ভারতীয় নৌসেনা।

এদিকে ভারতীয় কাশ্মীরের পুলওয়ামা হামলার আত্মস্বীকৃত হোতা জঙ্গিগোষ্ঠী জয়শ’-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের ভাই মুফতি আব্দুর রউফ এবং ছেলে হামাদ আজহারসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পাকিস্তান সরকার। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল মঙ্গলবার জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন