
আন্তর্জাতিক ডেস্কঃ ফের পাকিস্তানের মাটিতে অভিযান চালাতে পারে ভারত। এবং সেই অভিযান হতে পারে আকাশপথেই। এমনই অশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তান এয়ার ফোর্সের প্রধান তথা এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান। গতকাল সোমবার এমনই তথ্য সম্বলিত সংবাদ পরিবেশন করেছে পাক সংবাদ মাধ্যম দ্যা ডন। ওই প্রতিবেদনে য়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খানের বক্তব্যও উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, পুলওয়ামায় জঙ্গি হামলার জবাব দিতে ১২ দিন পর পাকিস্তানে এয়ার স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা। বালাকোটে জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে গিয়ে বোমা ফেলে আসে বায়ুসেনার মিরাজ যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনা এই ধরনের প্রত্যাঘাত ফের চালাতে পারে। এমনই আশঙ্কা করছেন পাকিস্তান এয়ার ফোর্সের প্রধান মুজাহিদ আনোয়ার খান। ডনের প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতের প্রত্যাঘাতের আশঙ্কাত পাকিস্তান এয়ার ফোর্সের সকল অফিসারদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মুজাহিদ আনোয়ার খান। তিনি বলেছেন, এখনও চ্যালেঞ্জ শেষ হয়ে যায়নি। সবাই প্রস্তুত থাকুন। ঘোষিত শত্রু ভারতের বিরুদ্ধে কখনই নমনীয় মনোভাব দেখানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুজাহিদ আনোয়ার খান। আঘাত এলে পালটা জবাব দিতে হবে এবং সর্বদা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
গত সপ্তাহের ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতের প্রসঙ্গে তিনি বলেছেন, দেশের সাধারণ মানুষের সামনে আমরা মাথা নত করি। সর্বশিক্তমানের সামনেও আমরা মাথা নত করে থাকি তাঁকে সম্মান দেওয়া জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। ভারতীয় বায়ুসেনার সেই প্রত্যাঘাতের পাঁচ দিন পরে গতকাল সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। ভারতের এয়ার স্ট্রাইকে কত জঙ্গি মারা গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সরকার কিংবা বায়ুসেনার তরফে তেমন কোনও নির্দিষ্ট সংখ্যার কথা জানানো হয়নি। বিভিন্ন সূত্রে খবর পাওয়া যায় কয়েক শ জঙ্গিকে মারা সম্ভব হয়েছে। এদিন বায়ুসেনা প্রধানকে সেই প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা আমাদের টার্গেটে আঘাত করেছি। তবে কতজন মারা গিয়েছে তা আমরা বলব না, সরকার বলবে। পাকিস্তান দাবি করছে, বালাকোটে নাকি কোনও মৃত্যু হয়নি। ভারতের অভিযানে তেমন কোনও ক্ষতিই হয়নি। বালাকোটের জঙ্গলে গিয়ে বায়ুসেনা বোমা ফেলেছে বলে দাবি করেছে পাক সরকার। এই বিষয়ে বিএস ধানোয়া বলেন, আমরা যদি জঙ্গলেই বোমা ফেলে থাকি, তাহলে পাকিস্তান কেন পাল্টা আঘাত করতে এল।তাঁর দাবি টার্গেটে আঘাত করা হয়েছে বলেই জবাব দিতে এসেছিল পাকিস্তান। তবে বায়ুসেনার অভিযানের কতজনের মৃত্যু হয়েছে তা তাঁর বলা সম্ভব নয় বলে জানিয়েছেন বায়ুসেনা প্রধান। তবে কতগুলো টার্গেটে আঘাত করা হয়েছে, তা গুনতে পারে বায়ুসেনা। আর সেইসব টার্গেটে কত জঙ্গি উপস্থিত ছিল, তা থেকে মৃতের সংখ্যা বেরিয়ে আসবে বলে উল্লেখ করেন তিনি।