News71.com
 International
 05 Mar 19, 07:46 AM
 176           
 0
 05 Mar 19, 07:46 AM

আমেরিকা সফর শেষে দেশে ফিরে বিক্ষোভে অংশ নিলেন গুয়াইদো।  

আমেরিকা সফর শেষে দেশে ফিরে বিক্ষোভে অংশ নিলেন গুয়াইদো।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভেনিজুয়েলায় রাজনৈতিক সংকট ফের ঘনীভূত হচ্ছে। গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো ল্যাতিন আমেরিকা সফর শেষে গতকাল সোমবার দেশে ফিরেছেন। এরপর তিনি প্রেসিডেন্ট মাদুরো বিরোধী বিক্ষোভেও অংশ নিয়েছেন। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, গুয়াইদোকে নিরাপদে দেশে ফিরতে দেওয়া উচিত। তাকে হুমকি দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র সহ্য করবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। গতকাল কারাকাসের বিমানবন্দরে পৌঁছালে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা গুয়াইদোকে স্বাগত জানান। এ সময় হাজার হাজার জনতাকে বিমানবন্দরের বাইরে ভিড় করতে দেখা যায়। পরে এক বিক্ষোভ সমাবেশে গুয়াইদো বলেন, আমরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

তিনি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সশস্ত্র গ্রুপকে থামান। যারা গত ২৩ ফেব্রুয়ারি মানবিক সহায়তা আনতে বাধা দিয়েছেন তাদের বিচার করুন। গুয়াইদো মাদুরোকে সরে যাওয়ার আহবান জানিয়ে বলেন, আমরা জনগণের জন্য ন্যায়বিচার চাই। তিনি মাদুরোর ওপর চাপ সৃষ্টি করতে আগামী শনিবার আবারো বিক্ষোভ সমাবেশের ডাক দেন। গুয়াইদোকে গ্রেপ্তারের আশংকা করা হচ্ছে। ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল। নিষেধাজ্ঞা অমান্য করলে গ্রেপ্তারের কথাও জানানো হয়েছিল। সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে কলম্বিয়া, ব্রাজিল, প্যারাগুয়ে এবং ইকুয়েডর সফরে যান গুয়াইদো। সেখান থেকে তিনি গতকাল সোমবার ভেনিজুয়েলার উদ্দেশে যাত্রা করেন। এরপরই মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছিলেন, গুয়াইদো যুক্তরাষ্ট্রের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাকে হুমকি দেওয়া, সহিংসতা সৃষ্টি কিংবা কোনো ধরনের হস্তক্ষেপ যুক্তরাষ্ট্র সহ্য করবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন