
আন্তর্জাতিক ডেস্কঃ সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে ঢুকে পড়ে পাকিস্তানি ড্রোন। মিসাইল ছুঁড়ে নামাল ভারত। আজ সোমবার সকালেই বিকানির সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত সরকার কিংবা সেনাবাহিনীর তরফে এই খবর নিশ্চিত করা হয়নি, তবে বিভিন্ন সূত্র মারফৎ জানা যাচ্ছে যে এদিন সকালে ১১টা ৩০ মিনিট নাগাদ ভারতের আকাশে চলে এসেছিল পাক ড্রোন। সঙ্গে সঙ্গে সেই ড্রোন মিসাইল ছুঁড়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। আরও জানা গিয়েছে যে মিসাইলের ধ্বংসাবশেষ পড়েছে পাকিস্তানের দিকে। সুখোই বিমান থেকে মিসাইল ছোঁড়া হয়েছে বলে জানা গিয়েছে। একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে পাকিস্তানের সীমান্তের কাছাকাছি ফোর্ট আব্বাস নামের একটি জায়গায় কিছু মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গিয়েছে। এলাকার লোকজনও বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছে বলে খবর। পাকিস্তানের একাধিক ট্যুইটার হ্যান্ডেলে সেই ছবিও প্রকাশ করা হয়।
পাকিস্তানের দিক থেকে এইসব রিপোর্ট আসার পর ABP news-এর সাংবাদিক নীরজ রাজপূত ট্যুইট করেন, কিছু সূত্র থেকে জানা যাচ্ছে যে সকাল সাড়ে ১১টায় পাকিস্তানের দিক থেকে এটি বস্তু সম্ভবত ড্রোন ভারতের আকাশে প্রবেশ করে। ভারতের ফাইটার জেট থেকে ছোঁড়া হয় এয়ার টু এয়ার মিসাইল। ধ্বংসাবশেষ গিয়ে পড়েছে পাকিস্তানের ফোর্ট আব্বাসে। একই রিপোর্ট দিচ্ছেন India Today-র সাংবাদিক শিব আরুর। তিনি জানিয়েছেন, রাজস্থানের সীমান্তে এদিন সকালে ওই ঘটনা ঘটে। যদিও সরকারের তরফে কিছু জানানো হয়নি এখনও, তবে পাকিস্তানের টোবা এলাকায় ভারতের মিসাইলের টুকরো পড়েছে বলে উল্লেখ করেছেন সাংবাদিক। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে পাক জঙ্গি ঘাঁটিতে ভারত অভিযান চালানোর পর ২৭ তারিখ সকালেই সীমান্ত পেরিয়ে ভারতের দিকে প্রবেশের চেষ্টা করে পাক যুদ্ধবিমান। কার্যত মিনিট ১৫ আকাশ-যুদ্ধ চলে সীমান্তে। পাক F-16 বিমান তাড়া করতে গিয়ে ভারতের মিগ বিমান ঢুকে পড়ে অধিকৃত কাশ্মীরের দিকে। বন্দি হন পাইলট অভিনন্দন। ৫৫ ঘণ্টা পর ভারতে ফেরানো হয়েছে তাঁকে।