
আন্তর্জাতিক ডেস্কঃ অত্যাধুনিক বাতানুকূল মেট্রো রেক পেল কলকাতা। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, যে কোনও জরুরি পরিস্থিতিতে সরাসরি চালকের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা রয়েছে এই ট্রেনে। প্রতিটি কোচে আছে সিসিটিভি-র সুবিধা। দিল্লি মেট্রোয় এই ধরনের কোচ রয়েছে। আজ সোমবার সকালে জাহাজে করে একটি রেক শহরে আনা হয়েছে৷ ৩৬৪ টন ওজনের এই রেক জাহাজ থেকে ক্রেনে করে বন্দরের রেললাইনে নামানো হবে। এর পর সেখান থেকে রেক কলকাতা মেট্রোর নোয়াপাড়া শেডে নিয়ে যাওয়া হবে।
বহুদিন ধরেই মেট্রোর পুরনো কোচগুলি নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। মাঝেমধ্যেই সেগুলি বিকল হয়ে পড়ে। যার জেরে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। বিশেষ করে অফিসটাইমে যাত্রীদের প্রবল চাপ সামলাতে না পেরে অনেক সময়েই ট্রেন চলাচল ব্যহত হয়। কলকাতা মেট্রো বর্তমানে যে ২৭টি রেক ব্যবহার করে তার ১৩টির ৩৫ বছর ধরে ব্যবহার করা হচ্ছে৷ যাত্রী পরিবহণের দিক থেকে দেশের মধ্যে দিল্লির পরেই কলকাতা মেট্রো৷ দিনের মধ্যে সব থেকে বেশি ব্যস্ত থাকে কলকাতা মেট্রো। প্রতিদিন গড়ে সাড়ে ৬ লক্ষ যাত্রী মেট্রোয় যাতায়াত করেন। রেলকর্তাদের দাবি, নতুন কোচগুলি চলে এলে পুরনো ট্রেনগুলি বাতিল করে দেওয়া হবে৷ ২০২০ সালের মধ্যে আরও ১৩টি রেক চিন থেকে আনা হচ্ছে ।