
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মু্ম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (সিএসআইএ) বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। গতকল শনিবার নিরাপত্তা সংস্থাগুলো বিমানবন্দর কর্তৃপক্ষকে এ হুমকির কথা জানায়। এরপর বিমানবন্দরটির টার্মিনাল-২ এর কার্যক্রম এবং কর্মকর্তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ১৪ ফেব্রুয়ারির পুলওয়ামা হামলার পর এ নিয়ে দ্বিতীয় বারের মত বোমা হামলার হুমকি পেল ভারত। এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, হুমকিটি অনির্দিষ্ট ছিল এবং এতে ফ্লাইটগুলোর কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হয়নি।
কর্তৃপক্ষ জানায়, শনিবার রক্ষণাবেক্ষণের জন্য বিমানবন্দরটি বন্ধ ছিল। পাশাপাশি হুমকির পর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে যাত্রীদের কোনো ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয়নি। বিমানবন্দর সূত্র জানায়, স্থানীয় সময় সকাল ১১টা থেকে ১১টা ২০ মিনিটের মধ্যে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকউরিটি বিমানবন্দর কর্তৃপক্ষকে এ হুমকির বিষয়ে জানায়। হুমকিতে বলা হয়েছে, ১২ ঘণ্টার মধ্যে বন্দরটির টার্মিনাল-২ এ হামলা চালানো হবে। বিমানবন্দরের এক মুখপাত্র জানায়, প্রাথমিক তদন্ত শেষে দি বোম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি হুমকিটিকে অনির্দিষ্ট বলে ঘোষণা করেছে। তবে টার্মিনাল-২ এর কার্যক্রম ও কর্মকর্তাদের সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। সেন্ট্রলি ইন্ডাস্ট্রিয়াল সিকউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, বেলা সাড়ে ১১টা নাগাদ আমরা হুমকির খবরটি পাই। এরপরই প্রায় ৮০ জন কর্মকর্তাকে দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়। পরে তল্লাশি শেষে জায়গাটি নিরাপদ ঘোষণা করা হলে তাদের আবার ফিরিয়ে আনা হয়।