
আন্তর্জাতিক ডেস্কঃ গড়িয়াহাটের ট্রেডার্স অ্যাসেম্বলির স্মৃতি উসকে ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা৷ আজ শনিবার সকালে আগুনের কবলে পড়ল চিৎপুরের একটি কাপড়ের গুদাম৷ ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন৷ চলছে যুদ্ধ তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ৷ জানা গিয়েছে, এদিন সকাল ৮টা ১০ মিনিট নাগাদ আগুন লাগে চিৎপুরের ওই কাপড়ের গুদামে৷ সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়তে থাকে৷ ঘিঞ্জি এলাকা হওয়ায় আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হয়৷ আতঙ্কে অনেকে বাড়ি থেকে বেরিয়ে পড়েন৷
গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে৷ স্থানীয় বাসিন্দাদের অনেককেই বালতি করে জল ঢালতে দেখা গিয়েছে৷ খবর দেওয়া হয় দমকলকে৷ দমকলের তরফে প্রথমে পাঁচটি ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে৷ পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও ইঞ্জিন পাঠানো হয়৷ চলছে আগুন নিয়ন্ত্রণের কাজ৷ যেহেতু কাপড় দাহ্য বস্তু তাই আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লাগছে৷ যদিও কোথা থেকে ও কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি৷ আগুন নিয়ন্ত্রণে এলে তা জানা যাবে৷ জানিয়েছে দমকল৷