
আন্তর্জাতিক ডেস্কঃ ঠিক সময়ে হবে লোকসভা ভোট৷ জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ আজ শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন নির্ধারিত সময়ে ভোট হবে৷ পুলওয়ামা জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাক সম্পর্কের অবনতির জেরে সীমান্তে এখন যুদ্ধের আবহ৷ এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচন ঠিক সময়ে হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়৷ যদিও কোনও কোনও মহল থেকে গুঞ্জনও ছড়ায় ভোট পিছিয়ে দিতে পারে নির্বাচন কমিশন৷ কিন্তু এদিনের মুখ্য নির্বাচনী আধিকারিকের মন্তব্যের পর সেই সব জল্পনা ধামাচাপা পরে গেল৷ তবে কয় দফায় নির্বাচন হবে, এই নিয়ে তিনি কিছু জানাতে চাননি৷ সূত্রের খবর, ভারত-পাক সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেই দিকে তাকিয়ে কমিশন৷ দুই দেশের মধ্যে যদি উত্তেজনা সাময়িক কমে তাহলে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে কমিশন৷ দাবি ওই সূত্রের৷