
আন্তর্জাতিক ডেস্কঃ পাক যুদ্ধবিমানকে উড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পাকিস্তানের একটি F-16 যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে ভারতীয় বায়ুসেনা। নওসেরা সেক্টরের পাক অধিকৃত কাশ্মীরের লাম উপত্যকায় বিমানটিকে পড়তে দেখা গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, নিয়ন্ত্রণরেখা থেকে ৩ কিলোমিটার ভিতরে পাক অধিকৃত কাশ্মীরের লাম উপত্যকায় পড়েছে F-16 বিমানটি। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতে বিমানটি ভেঙে পড়ার সময় একটি প্যারাশ্যুটকে নামতে দেখা গিয়েছে। তবে F-16 বিমানের চালক কী অবস্থায় রয়েছে, সে সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
সংবাদ সংস্থা পিটিআই ও এএনআই সূত্রে জানাগেছে, আজ সকালে নিয়ন্ত্রণেরখা পেরিয়ে ভারতের আকাশসীমায় ঢোকার চেষ্টা করে পাকিস্তান এয়ার ফোর্সের ৩টি F-16 যুদ্ধ বিমান । কাশ্মীরের পুঞ্চ ও নওসেরা সেক্টরে ভারতীয় আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করে এই পাক যুদ্ধবিমান গুলো। কিন্ত ভারতীয় বিমান তো আগে থেকেই তৈরীই ছিল প্রতিরোধের জন্য। ভারতের নজরে পাক যুদ্ধ বিমান আসার সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দেয় ভারতীয় বায়ুসেনার টহলদারি বিমান। ৩টি F-16 বিমানের মধ্যে একটিকে গুলি করে নামায় ভারতের অত্যাধুনিক সুখোই-৩০ (Su-30)।
ভারতীয় প্রত্যাঘ্যাত পেয়েই পিছু হঠতে বাধ্য হয় পাক যুদ্ধবিমানগুলি। তবে ফিরে যাওয়ার সময় গোলাবর্ষণ করে পাক যুদ্ধবিমানগুলি। এসময় রাজৌরির সেক্টরে ভারতীয় সেনার ছাউনির কাছে পাক যুদ্ধবিমানগুলি বোমাবর্ষণ করে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে সীমান্ত উত্তেজনা বাড়তেই পাক সীমান্ত লাগোয়া সব ভারতীয় বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। জম্মু-শ্রীনগরের মধ্যে আকাশপথ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত বাণিজ্যিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে দেশের বাকি বিমানবন্দগুলিতেও।