
আন্তর্জাতিক ডেস্কঃ পুলওয়ামা হামলার পর গত দুই সপ্তাহ ধরে চলা উত্তেজনার পর আজ মঙ্গলবার ভোরে ভারতীয় বিমানবাহিনী পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানে। আর এ ঘটনা নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছে চীন। চলমান উত্তেজনা কমিয়ে আনতে ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। আজ মঙ্গলবার নয়াদিল্লি এবং ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়ে বেইজিংয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা আশা করি ভারত আর পাকিস্তান উভয়ই সংযত হয়ে সমঝোতার চর্চা করবে। যা দেশ দুটির মধ্যে উত্তেজনা কমিয়ে একটা স্থিতিশীল পরিবেশ তৈরিতে সহায়ক। আর এর মাধ্যমেই তাদের দ্বি-পাক্ষিক সম্পের্কের উন্নয়ন ঘটবে। এক প্রতিবেদন অনুযায়ী, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং আজ মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে দুই দেশের প্রতি এমন আহ্বান জানিয়েছেন। পুলওয়ামাকাণ্ডের পরও মর্মান্তিক সেই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল চীন। পুলওয়ামা হামলার জেরে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে বিমান হামলা করেছে ভারত।
আজ মঙ্গলবার ভোরে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের বালাকোটে পুলওয়ামা হামলার দায়স্বীকারকারী পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠনের ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালায়। ভারতীয় বিমানবাহিনী বলছে, তাদের ১২টি মিরেজ ২০০০ জেট বিমান এ হামলায় অংশ নেয় এবং ১ হাজার কেজি বোমা বর্ষণ করে অনেক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান এ ক্ষয়ক্ষতির বিষয়টি অস্বীকার করেছে। গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের গাড়ি বহরে জইশ-ই-মোহাম্মদ হামলা চালালে অন্তত ৪০ জন সেনা নিহত হয়। তারপর ভারতের পক্ষ থেকে পাকিস্তানে হামলার হুমকি দেয়া হয়। সেই হামলার ১২ দিন পর পাল্টা হামলা চালাল ভারত। ভারতীয় গণমাধ্যমগুলোতে দেশটির বিমানবাহিনীর হামলায় অন্তত তিনশ জঙ্গি নিহত হওয়ার কথা বললেও পাকিস্তান বলছে মাত্র একজন আহত হয়েছে।