
আন্তর্জাতিক ডেস্কঃ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ অব্যাহত রাখতে ভেনেজুয়েলার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটি থেকে তেল না কিনতে লাতিন আমেরিকার অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এদিকে, মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে আন্তর্জাতিক চাপের বিকল্প নেই বলে জানিয়েছেন দেশটির স্ব-ঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো। গত শনিবারের ভয়াবহ সংঘর্ষের পর ভেনেজুয়েলার ব্রাজিল সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা সদস্য। সীমান্ত দিয়ে ত্রাণ ঢোকা নিয়ে বিরোধের জেরে সেনাবাহিনীর গুলিতে ঐদিন অন্তত ৪ জন নিহত হন। আহত হন আরও তিন শতাধিক। এদিকে সীমান্তে সংঘর্ষের ঘটনাকে ভেনেজুয়েলার এখনকার চিত্র দাবি করেছেন দেশটির স্ব-ঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো। সোমবার কলম্বিয়ায় লিমা গ্রুপভুক্ত দেশগুলোর এক বৈঠকে তিনি বলেন, মাদুরোকে না সরানো পর্যন্ত শান্তি ফিরে আসবে না ভেনেজুয়েলায়।
প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো বলেন, ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চাই। দেশের মানুষ অনেক কষ্টে বসবাস করছে। সীমান্তে যা হয়েছে তা মেনে নেয়া যায় না। এটা কোনো সরকারের আচরণ হতে পারে না। আমরা চাই স্বৈরাচারী মাদুরোর ওপর চাপ বাড়ুক। ঐ বৈঠকে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও। মাদুরোর ওপর চাপ বাড়াতে দেশটির চারটি প্রদেশের গভর্নরদের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেন তিনি। একইসঙ্গে ভেনেজুয়েলাবাসীর আন্দোলনে মার্কিন সমর্থন অব্যাহত থাকার কথা জানান পেন্স। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, ভেনেজুয়েলার মানুষের জন্য যুক্তরাষ্ট্র এরই মধ্যে ১৪ কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে। আরও প্রায় ৬ কোটি ডলার সহায়তা দেয়া হচ্ছে। প্রেসিডেন্ট গুয়াইদো, ভেনেজুয়েলায় স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি। এর মধ্যেই, ভেনেজুয়েলায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে মাদুরো সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি। একই সঙ্গে ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।