News71.com
 International
 26 Feb 19, 05:51 AM
 133           
 0
 26 Feb 19, 05:51 AM

পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে প্রত্যাঘাত ভারতীয় বায়ুসেনার॥৩০০ জঙ্গি নিহত, জৈশ ও লস্করের ঘাঁটি ধ্বংস

পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে প্রত্যাঘাত ভারতীয় বায়ুসেনার॥৩০০ জঙ্গি নিহত, জৈশ ও লস্করের ঘাঁটি ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক: পুলওয়ামা হামলার পর প্রত্যাঘাত ভারতের। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারতীয় বায়ুসেনার বিমান। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, গতকাল সোমবার দিনগত রাত সাড়ে ৩টে নাগাদ ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে ১০০০ কেজি বোমাবর্ষণ করে। সূত্রের খবর, পূর্বপরিকল্পিত ভাবেই এই অভিযান চালানো হয়। সোমবার বালাকোট সেক্টর থেকে পাক অধিকৃত কাশ্মীরের প্রায় ৮০ কিলোমিটার ভিতরে ঢোকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। এর পর বালাকোট, চাকোটি এবং মুজফ্‌রাবাদে জইশ-ই-মহম্মদের তিনটি লঞ্চপ্যাড ধ্বংস করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় জইশের কন্ট্রোল রুম আলফা-৩।
ভারতীয় সেনা সূত্রের খবর, প্রায় ৪০ মিনিট ধরে পাক অধিকৃত কাশ্মীরের আকাশে ছিল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানগুলি। তবে লক্ষ্যস্থলে ২১ মিনিট ধরে বোমাবর্ষণ চলেছে। চকোটিতে বোমাবর্ষণ করা হয়েছে রাত ৩টে ৫৮ মিনিট থেকে ভোর ৪টে পর্যন্ত। মুজাফ্ফারাবাদে বোমাবর্ষণ চলে রাত ৩টে ৪৮ মিনিট থেকে ৩টে ৫৫ মিনিট পর্যন্ত। বিভিন্ন সুত্রে প্রাপ্ত খবরে জানাগেছে ভারতীয় এই হামলায় কমপক্ষে ৩শ’রও বেশী জঙ্গি খতম হয়েছে বলে জানাগেছ।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে এই সেনা অভিযান নিয়ে সবিস্তার রিপোর্ট দিয়েছেন। এই সফল অভিযানের পর পরই ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানিয়ে টুইট করেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি লিখেছেন, “ভারতীয় বায়ুসেনার পাইলটদের সেলাম জানাই।” এই অভিযান প্রসঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছে ভারতীয় বায়ুসেনা। যদিও তাঁর দাবি, পাকিস্তানও পাল্টা প্রতিরোধের মুখে পড়ে ভারতীয় যুদ্ধবিমানগুলি ফিরে যায়। তিনি জানিয়েছেন, মুজফ্‌রাবাদ থেকে ভারতীয় বিমানগুলি প্রবেশ করে। তাঁর দাবি, পাকিস্তানের জবাবে বালাকোটে বোমা ফেলেই চলে যায় ভারতীয় বিমানগুলি। এই হামলায় বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত ভারতীয় বায়ুসেনার তরফে সরকারি ভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি। এই অভিযানের পর আন্তর্জাতিক সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন