News71.com
 International
 25 Feb 19, 06:26 AM
 230           
 0
 25 Feb 19, 06:26 AM

ফের ডিগবাজি খেল পাকিস্তান॥জইশের সদর দফতর দখল নেওয়ার দাবি নিজেরাই খারিজ  

ফের ডিগবাজি খেল পাকিস্তান॥জইশের সদর দফতর দখল নেওয়ার দাবি নিজেরাই খারিজ   

আন্তর্জাতিক ডেস্কঃ নিজের দাবি নিজেরাই খণ্ডন করে আন্তর্জাতিক মহলে মুখ পোড়াল পাকিস্তান৷ প্রথমে জানিয়েছিল ভাওয়ালপুরের জইশ জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টারের দখল নিয়েছে পাকিস্তান সরকার৷ খোদ পাকিস্তানের আভ্যন্তরীণ মন্ত্রী ফাওয়াদ চৌধুরী ভিডিও বার্তায় এই খবর দিয়েছিলেন৷ ২৪ ঘণ্টার মধ্যে ডিগবাজি খেল পাকিস্তান৷ আগের অবস্থান থেকে সরে এসে জানিয়েছে, এমন কোনও ঘটনাই ঘটেনি৷ লাহোর থেকে ৪০০ কিমি দুরে পাক অর্ন্তভুক্ত পঞ্জাব প্রদেশের ভওয়ালপুরের জইশ-ই-মহম্মদের প্রধান ডেরাটি জঙ্গি তৈরির কারখানা৷ দু’দিন আগে পাকিস্তান নিজের মুখে জানায়, জইশ-ই-মহম্মদের এই প্রধান ঘাঁটিটি এখন তাদের দখলে৷ পরে অবশ্য ১৮০ ডিগ্রি ভোলবদল৷

গতকাল রবিবার জানিয়ে দেওয়া হয়, ওখানে পড়াশোনা করা হয়৷ ওই জায়গার সঙ্গে জইশের সঙ্গে কোনও যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি৷ পঞ্জাব সরকার জানায়, মাদ্রাসায় ৬০০ পড়ুয়া আছে৷ নিষিদ্ধ সংগঠনের সঙ্গে কারোর কোনও সম্পর্ক নেই৷ কেউ সন্ত্রাসমূলক কাজকর্মে জড়িত নয়৷ ভারত ভওয়ালপুরের মাদ্রাসাকে জইশের সদর দফতর বলে ইচ্ছাকৃত প্রচার চালাচ্ছে৷ অথচ এই পাকিস্তানের আভ্যন্তরীণমন্ত্রী ফাওয়াদ চৌধুরী গত শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, পঞ্জাব সরকার ভওয়ালপুরের জইশ সদর দফতরের দখল নিয়েছে৷ পাকিস্তানে যে জইশের সদর দফতর আছে এত বছরে প্রথম তা স্বীকার করে ইমরান খানের সরকার৷ কাশ্মীরের পুলওয়ামাতে সিআরপিএফদের কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা চালিয়েছিল জইশ-ই-মহম্মদ৷ এই সন্ত্রাসবাদী সংগঠনটি মূলত পরিচালিত হয় পাকিস্তান থেকে৷ জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজাহারকে আশ্রয় দিয়ে রেখেছে পাকিস্তান৷ জানা গেছে, ভওয়ালপুরের জইশ-ই-মহম্মদের এই ডেরায় প্রায় ৭০জন জেহাদি শিক্ষক দিনরাতের অক্লান্ত পরিশ্রমে জঙ্গি তৈরি করছে৷ প্রায় ৬০০ আগামিদিনের জঙ্গিরা কড়া নজরদারিতে প্রশিক্ষণ নেয় এই ঘাঁটিতে৷ তাই এই ঘাঁটিটিকে বাঁচাতে একপ্রকার মরিয়া ছিল পাকিস্তান৷ এখানে আক্রমণ হলে ভারতকে ছেড়ে কথা বলবে না বলে হুমকিও দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন