News71.com
 International
 25 Feb 19, 05:38 AM
 119           
 0
 25 Feb 19, 05:38 AM

ভেনেজুয়েলা নৌবাহিনীর হুমকি॥পিছু হটলো মার্কিন ত্রাণবাহী জাহাজ  

ভেনেজুয়েলা নৌবাহিনীর হুমকি॥পিছু হটলো মার্কিন ত্রাণবাহী জাহাজ   

আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলার নৌবাহিনীর হুমকির পর পিছু হটতে বাধ্য হয়েছে ত্রাণবাহী একটি জাহাজ। ওয়াশিংটনের অনুগত পুয়ের্তো রিকো সরকারের তত্ত্বাবধানে ওই জাহাজের ভেনেজুয়েলায় পৌঁছানোর কথা ছিল। দ্বীপরাষ্ট্রটির গভর্নর রিকার্ডো রসেলো এক বিবৃতিতে স্বীকারোক্তি দিয়েছেন, হুমকি পেয়ে নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে জাহাজটিকে সরিয়ে নিয়েছেন তারা। আজ রবিবার দেওয়া এক বিবৃতিতে ভেনেজুয়েলার হুমকিকে অগ্রহণযোগ্য ও লজ্জাজনক আখ্যা দিয়েছেন তিনি। অবশ্য এই বিবৃতির আগেই ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদো হুমকির ঘটনা সম্পর্কে নিশ্চিত করেন। নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকট ভেনেজুয়েলার জনগণকে তাড়িত করেছে সরকারবিরোধী বিক্ষোভে। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা জুয়ান গুয়াইদো। সে সময়ই তিনি ঘোষণা দেন, ভেনেজুয়েলাবাসীর সহায়তায় তিনি আন্তর্জাতিক ত্রাণ সহযোগীদের নেটওয়ার্ক বানাবেন। গুয়াইদোর অনুরোধে ভেনেজুয়েলাবাসীর জন্য ত্রাণ পাঠিয়েছে ওয়াশিংটন।


গতকাল শনিবার বিরোধীরা ব্রাজিল ও কলম্বিয়া সীমান্তে আটকে থাকা চারটি ত্রাণবাহী ট্রাক ভেনেজুয়েলার ভেতরে ঢোকানোর চেষ্টা করলে সেনাবাহিনী তাতে বাধা দেয়। শুরু হয় মাদুরোর সেনাবাহিনী ও গুইদোর সমর্থকদের মধ্যে সংঘাত। মাদুরো সরকার মনে করছে, ওই ত্রাণ প্রবেশের নামে সামরিক হস্তক্ষেপের পাঁয়তারা করছে যুক্তরাষ্ট্র। স্থলপথে ত্রাণবাহী ট্রাক আটকে দেওয়ার পাশাপাশি এবার জলপথে আসা জাহাজকেও হুমকি দেওয়ার খবর পাওয়া গেল। গত বুধবার পুয়ের্তো রিকো থেকে যাত্রা শুরু করা ত্রাণবাহী জাহাজটিতে ছয় মার্কিন নাগরিক ছাড়াও কর্মীরা ছিলেন। আজ এক বিবৃতিতে গভর্নর রসেলো বলেন, জাহাজের কর্মী ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে আমাদের জাহাজটিকে ওই এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছি। মারাত্মক এই ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্র সরকারে থাকা আমাদের সহযোগীকে জানানো হয়েছে। মানবিক সহায়তার উদ্যোগ এগিয়ে নিতে সবচেয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, এটা আমেরিকান নাগরিকদের পরিচালিত মানবিক মিশনের প্রতি সরাসরি হুমকি। ২০০ টন ত্রাণ নিয়ে জাহাজটি ভেনেজুয়েলার উত্তর উপকূলের বন্দর পুয়ের্তো ক্যাবেলোর দিকে এগুচ্ছিলো। পুয়ের্তো রিকো সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ভেনেজুয়েলার নৌ-সীমানায় প্রবেশের পর জাহাজটিতে গুলি চালানোর হুমকি দেওয়া হয়। ওই মুখপাত্র জানান, জাহাজটি দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নামে নিবন্ধিত। জাহাজটিতে দেখা গেছে, জাহাজে যুক্তরাষ্ট্র, পুয়ের্তো রিকো ও ভেনেজুয়েলার পতাকা টানানো রয়েছে। পুয়ের্তো রিকোর অভিবাসী অধ্যুষিত মার্কিন অঙ্গরাজ্য ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর রিক স্কট বলেছেন, আমেরিকান নাগরিকদের ওপর কোনও হুমকি বরদাশত করবে না যুক্তরাষ্ট্র। টুইটারে তিনি লেখেন, গুণ্ডাপাণ্ডা এবং তাদের সহযোগীদের হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন