
আন্তর্জাতিক ডেস্কঃ গুজবে সাধারণ মানুষকে কান না দিতে জেলা জুড়ে প্রচার শুরু করল বাঁকুড়া জেলা পুলিশ। জেলার ২২ টি থানা কর্তৃপক্ষ এই বিষয়ে লিফলেট প্রচারের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও প্রচার শুরু করেছেন। ইতিমধ্যে জেলার ইন্দাস ও ইন্দপুর থানার তরফে এক লিফলেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিশেষ আবেদন রাখা হয়েছে গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। একই সঙ্গে ওই আবেদনে লেখা হয়েছে, ইদানিং কিছু অসাধু চক্র, ছেলেধরা, চোরেরা এলাকায় ভীষণ ঘোরাঘুরি করছে ইত্যাদি বলে অপপ্রচার ও গুজব ছড়িয়ে৷ সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। একইসঙ্গে ওই আবেদনে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে প্ররোচনা ও উস্কানিমূলক মন্তব্যে এড়িয়ে চলার আবেদনের পাশাপাশি শান্তি ও সম্প্রীতির মধ্যে সকলকে নিয়ে এক সঙ্গে চলার কথা বলা হয়েছে।
একই সঙ্গে ইন্দাস থানার তরফে ওই আবেদনে ব্যাংক সংক্রান্ত কোন তথ্য এলে তাতে আস্থা না রেখে গ্রাহকরা যাতে সরাসরি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে৷ সেই বিষয়েও সাবধান করা হচ্ছে৷ এই বিষয়ে জেলা পুলিশের এক আধিকারিক বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে গুজবের শিকার হচ্ছেন সাধারণ মানুষ তা অত্যন্ত ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। শুধুমাত্র গুজবের শিকার হয়ে অনেক সাধারণ মানুষ নির্যাতনের শিকার হচ্ছেন। সেই ঘটনার পুনরাবৃত্তি এই জেলায় ঘটুক বাঁকুড়া জেলা পুলিশ তা চায় না। প্রতিটি থানা থেকে ধারাবাহিক লিফলেট প্রচারের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানাগুলিতে গুজব ঠেকাতে একটি করে বিশেষ কমিটি তৈরি করা হচ্ছে। যারা এলাকায় এই বিষয়ে ধারাবাহিকভাবে জনসচেতনতামূলক প্রচার চালাবেন।