
আন্তর্জাতিক ডেস্কঃ ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন থেকে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি সরানোর সিদ্ধান্ত নিয়েছে সিএবি৷ সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি এই সিদ্ধান্তকে দাদাগিরি হিসেবেই দেখছে বঙ্গ বিজেপির যুবমোর্চা৷ পুলওয়ামা ঘটনার পর ভারতের অনেক স্টেডিয়াম থেকেই পাক ক্রিকেটারদের ছবি সরিয়ে নেওয়া হলেও এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন সিএবি সভাপতি৷ গতকাল শনিবার বিজেপি যুবমোর্চার ডাকে ইডেন অভিযানে পুলিশ ৬৩ জনকে গ্রেফতার করে৷ পরে সিএবি’র পক্ষ থেকে ইমরান, রামিজ রাজা সহ বাকি সব পাক ক্রিকেটারদের ছবি নামিয়ে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়৷
গত শুক্রবারই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। ইডেন থেকে ইমরান খানের ছবি না সরানো হলে ভবিষ্যতে যুব মোর্চা ধরনায় বসবে বলে হুমকি দেন তিনি। গতকাল শনিবার দুপুরেই ইডেন গার্ডেন্স অভিযানে যায় বিজেপির যুব মোর্চা। ঘটনায় পুলিশের সঙ্গে ধস্তাধ্বস্তিও হয় বিক্ষোভকারীদের। গ্রেফতার হন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি’র অন্যান্য নেতারা। পুলওয়ামা ঘটনার পর ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি দাবি জানিয়েছিলেন, বিশ্বকাপে পাক ম্যাচ বয়কট করা উচিত৷ কাশ্মীরে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা উচিত নয়৷ এমন কী বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলা উচিত নয়।
প্রসঙ্গত, কারগিল যুদ্ধের পর ২০০৪ সালে পাক সফরে যায় ভারতীয় দল৷ অধিনায়ক হিসেবে ওই টেস্ট সিরিজ জিতে এসেছিলেন সৌরভ৷ ক্রিকেট বিশেষজ্ঞরা প্রায়ই বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট-বল হাতে জ্বলে উঠতেন সৌরভ৷ বিজেপির ইডেন অভিযানের পর ইমরান সহ পাক ক্রিকেটারদের ছবি নামানোর সিদ্ধান্তকে জয় হিসেবে দেখলেও খেলার মাঠে পাকিস্তানের বিরুদ্ধে দাদা’র আগুনে অধিনায়কত্বকে সেলাম জানিয়েছেন যুবমোর্চার নেতারা৷ যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার বলেন, দাদা হলেন মহারাজা৷ বাঙালি তরুণ-তরুণীদের অনুপ্রেরণা৷ ইংরেজদের সঙ্গে ম্যাচ জেতার পর লর্ডেসের গ্যালারিতে জার্সি খুলে উড়ানো বা পাকিস্তানকে ওদের ঘরের মাঠেই নাস্তানাবুদ করে আসা এই সব দাদার কীর্তি অমর হয়ে থাকবে৷ আজ ইমরানের ছবি নামানোর সিদ্ধান্ত নিয়ে তিনি আরও একবার দাদাগিরি দেখালেন।