
আন্তর্জাতিক ডেস্কঃ লোকসভা ভোটের আগে বড় ধাক্কা খেতে চলেছে পদ্ম শিবির। শাসক বিজেপির প্রাক্তন মন্ত্রী যোগ দিতে চলেছেন কংগ্রেস শিবিরে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রবিবার মন্ত্রিত্বের পাঠ চুকিয়ে দলবদল করতে চলেছেন গোয়ার প্রাক্তন মন্ত্রী মহাদেব নায়েক। গোয়ার শিরোদা কেন্দ্রের দুবারের বিধায়ক তিনি। মনোহর পরিক্করের মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হলেন মহাদেব নায়েক। সপ্তদশ লোকসভা ভোটের মুখে তাঁর দলবদল খুব স্বাভাবিকভাবেই বড় ধাক্কা দেবে বিজেপি শিবিরকে। একই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে রাজনীতির ময়দানে। এই বিষয়ে সরাসরি অবশ্য কিছুই জানাননি বিধায়ক মহাদেব নায়েক।
যদিও এখন পর্যন্ত তিনি শুধু বলেছেন, কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল আমার কাছে এসেছিল। আমায় ওদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। আপনি কী দলবদল করতে চলেছেন? এই প্রশ্নের অবশ্য কোনও উত্তর দিতে পারেননি বিধায়ক মহাদেব নায়েক। গোয়ার বিধানসভা নিয়ে দীর্ঘদিন ধরেই জটিলতা চলছে। মুখ্যমন্ত্রী মনোহর পরিক্কর অসুস্থ থাকার কারণে মন্ত্রীসভার কাজকর্মও ঠিকমতো হচ্ছে না। এই নিয়ে বিরোধিদের অভিযোগ রয়েছে। একই সুর শোনা গিয়েছে সরকারপক্ষের বিধায়কদের মুখেও। এই সুযোগে বিধায়ক ভাঙিয়ে কংগ্রেসের সরকার গঠনের দাবিও উঠেছে। যদিও তা বস্তাবায়িত হয়নি। ওই রাজ্যে গত বিধানসভা নির্বাচনের পরে কোনও দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেই সময় দলবদল করা বিধায়কদের নিয়ে সরকার গঠন করে বিজেপি।