
আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য সরকারি অর্থ বরাদ্দ পাওয়ার লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার করে জরুরী অবস্থা জারি করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। টেক্সাসের তিনজন জমির মালিক এবং একটি পরিবেশবাদী দল গতকাল শনিবার কলম্বিয়ার জেলার একটি আদালতে এই মামলা করেন। জমির মালিকদের দাবি যদি ট্রাম্প দাবিকৃত অর্থ পেয়ে দেয়াল নির্মান করেন তাহলে তাদের জমি ব্যবহারে ব্যাঘাত ঘটবে।
মামলা করা তিনজন বাদী টেক্সাসের স্টার কান্ট্রির নাগরিক এবং চতুর্থ বাদী ফ্রন্টেরা আউডোবোন সোসাইটি। যারা একটি পরিবেশবাদী দল। এই দলটির ১৫ একর জমি রয়েছে যেখানে তারা পাখি, প্রজাপতি এবং অন্যান্য প্রাণীদের জন্য অভ্য় আশ্রম তৈরি করেছে। বাদী পক্ষের সবাই দাবি করেছে দেয়াল নির্মাণ করা হলে তারা আর তাদের জমি ব্যবহার করতে পারবেনা। গত শুক্রবার জাতীয় জরুরী অবস্থা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জরুরী অবস্থা যদি আদালত এবং কংগ্রেস দ্বারা না আটকানো হয় তাহলে ট্রাম্প সরকারের অন্যখাতে থেকে অর্থ এনে সীমান্তে দেয়াল নির্মাণের জন্য খরচ করতে পারবেন।