
আন্তর্জাতিক ডেস্কঃ লেফটেনেন্ট গভর্নর কিরণ বেদীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে গতকাল বুধবার থেকে রাজভবনের বাইরে ধর্নায় বসেছেন পদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী৷ আর ধর্নার দ্বিতীয় দিনে ধন্ধুমার কাণ্ড বাঁধল রাজভবনের বাইরে৷ বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে রাজভবনে ঢোকার চেষ্টা করে৷ সেই সময় ব়্যাফ তাদের বাধা দেয়৷ এই নিয়ে দু পক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয়৷ দমন পীড়নের মাধ্যমে রাজ্যপাল জোর করে বিক্ষোভকারীদের হঠাতে চাইছেন বলে সরব হন মুখ্যমন্ত্রী৷ সব মিলিয়ে ধর্নার দ্বিতীয় দিন সকাল থেকে উত্তপ্ত হয়ে রইল রাজভবন প্রাঙ্গন৷ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পথে হেঁটেছেন পদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী৷ লেফটেনেন্ট গভর্নর কিরণ বেদির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে গতকাল বুধবার থেকে মন্ত্রিসভার পাঁচ সদস্যকে নিয়ে রাজভবনে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী৷ কালো শার্ট ও ধুতি পড়ে ধর্নায় বসে পড়েন তিনি৷ বিভিন্ন ইস্যুতে কিরণ বেদির সঙ্গে মুখ্যমন্ত্রীর মতবিরোধ৷ সেই বিরোধ তুঙ্গে ওঠে কিছুদিন আগে৷
রাজ্যপাল চান পদুচেরি জুড়ে হেলমেট পড়া বাধ্যতামূলক করা হোক৷ দু দিন আগে রাস্তায় নেমে বাইক আরোহীদের সচেতন করেন তিনি৷ অপরদিকে মুখ্যমন্ত্রী চান, ধাপে ধাপে হেলমেট পড়াকে বাধ্যতামূলক করতে৷ তারপরই বেদির বিরুদ্ধে সরকারের কাজে হস্তক্ষেপ করার এবং সরকারের সমাজকল্যাণ প্রকল্পগুলি আটকে দেওয়ার অভিযোগ তুলে ধর্নায় বসেন নারায়ণস্বামী৷ পদুচেরির মুখ্যমন্ত্রীকে সমর্থন জানিয়েছেন তামিলনাড়ুর ডিএমকে নেতা এমকে স্ট্যালিন৷ ডিএমকে নেতাকে ধন্যবাদ জানিয়ে নারায়ণস্বামী জানান, গোটা দেশ থেকে সমর্থন জানিয়ে ফোন করছেন রাজনৈতিক নেতারা৷ রাজ্যপালের সঙ্গে বিরোধের মূলে রয়েছে ৩৯টি ইস্যু৷ তার মধ্যে হেলমেট একটি ইস্যু৷ এই সব কটি ইস্যু রাজ্যপালের তৈরি বলে অভিযোগ করেন নারায়ণস্বামী৷ এদিকে যাকে নিয়ে এত বিরোধ সেই কিরণ বেদি বৃহস্পতিবার উড়ে গিয়েছেন চেন্নাই৷ সেখান থেকে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাবেন দিল্লি৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধ মেটাতে ২১ ফেব্রুয়ারি আলোচনার প্রস্তাব দিয়েছেন রাজ্যপাল৷ তবে চিঠি লিখে ধর্না নিয়ে রাজভবনকে অন্ধকারে রাখা নিয়ে মুখ্যমন্ত্রীর মৃদু সমালোচনা করেছেন৷