
আন্তর্জাতিক ডেস্কঃ কঙ্গোতে সম্প্রতি ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। এই বিষয়ে গতকাল শনিবার কঙ্গো স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সর্বমোট ৫০২ জন নিহত হয়েছেন এবং ২৭১ জন সেরে উঠেছেন। কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রী অলি এললুঙ্গা কালেঙ্গা বলেন, একটি টিকাদান কর্মসূচির মাধ্যমে ৭৬,৪২৫ জন মানুষকে ইবোলার আক্রমন থেকে রক্ষা পেয়েছেন। আমি মনে করি আমরা বড় শহরে এই ভাইরাসের মহামারী প্রতিরোধ করতে পেরেছি। উল্লেখ্য, মধ্য আফ্রিকার উত্তরাংশে কঙ্গোর উপত্যকায় প্রবাহিত ইবোলা নদী থেকে ইবোলাভাইরাসের নামকরণ করা হয়েছে। সর্বপ্রথম ১৯৭৬ সালে এ ভাইরাসের অস্তিত্ব আবিষ্কৃত হয়। ২০১৪-১৫ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসের সংক্রমণে ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। তখন বেশি আক্রান্ত হয়েছিল গিনি, সিয়েরা লিওন এবং লাইবেরিয়া। ২০১৪ সালে কঙ্গোতে ইবোলা সংক্রমণে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। কঙ্গোতে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস গত বছরের আগস্টে দেশটির উত্তর কিভু অঞ্চল থেকে শুরু হয় এবং তা ধীরে ধীরে ছড়াতে থাকে।