News71.com
 International
 05 Feb 19, 06:23 AM
 261           
 0
 05 Feb 19, 06:23 AM

গ্রেফতার নয়, রাজীব কুমারকে সিবিআই জেরায় বসার নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের॥

গ্রেফতার নয়, রাজীব কুমারকে সিবিআই জেরায় বসার নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের॥

আন্তর্জাতিক ডেস্কঃ কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে আপাতত গ্রেফতার করা যাবে না। সিবিআই বনাম কলকাতা পুলিশ মামলার শুনানিতে আজ এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।আগামী ২০ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। পাশাপাশি রাজীব কুমারকে কলকাতা বা দিল্লীর পরিবর্তে শিলং-এ ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে। একই সঙ্গে সিবিআই-এর দায়ের করা আদালত অবমাননার মামলায় আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে জবাব দিতে হবে বলে রাজীব কুমার, মুখ্য সচিব এবং ডিজিপিকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। এই জবাব পাওয়ার পরই শীর্ষ আদালত ঠিক করবে, তাঁদের আদালতে হাজিরা দিতে বলা হবে কি না।

আজ শুনানিতে রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান, ‘‘ইচ্ছাকৃত ভাবে সরকারকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করা হয়েছে। এত তাড়া কেন? গত পাঁচ বছরে এই মামলা সংক্রান্তে আইপিএস কর্মকর্তা রাজীব কুমারের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের একটি অভিযোগও আনা হয়নি।’’ তাহলে গত কয়েকদিনে সিবিআইয়ের মত প্রতিষ্ঠান কেন এত তৎপর- আদালতে প্রশ্ন রাখেন তিনি।এদিকে কলকাতা মেট্রো চ্যানেলের ধর্নামঞ্চ থেকেই সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই আধিকারিকদের যাওয়া নিয়ে আজ শুনানি হয় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি গগৈ, বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে এই মামলার শুনানি হয়। সিবিআই-এর তরফে একটি হলফনামা আজ জমা দেওয়া হয় শীর্ষ আদালতে। গতকালই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। শীর্ষ আদালতে সিবিআইয়ের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেছিলেন, সিবিআই বনাম পশ্চিমবঙ্গ সরকারের দ্বৈরথে সংবিধান ভেঙে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজীবকে ‘সম্ভাব্য অভিযুক্ত’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগও তোলে সিবিআই।

একই সঙ্গে সিবিআই-এর আর্জি ছিল, সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে আত্মসমর্পণ করতে বা সিবিআইয়ের সামনে হাজির হতে নির্দেশ দিক। অন্য দিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে যে তদন্ত হচ্ছে, তাতে রাজ্য প্রশাসন বাধা দিচ্ছে বলে আদালত অবমাননার মামলা হোক।

এর পরই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছিলেন, ‘‘আপনাদের আবেদন পড়েছি। এতে (নথি লোপাটের প্রমাণ) কিছুই নেই।’’ একই সঙ্গে তিনি মন্তব্য করেছিলেন, ‘‘ যদি প্রমাণ করতে পারেন, উনি প্রমাণ লোপাট করেছেন বা এক বারও সে কথা ভেবেছেন, তা হলে এমন শিক্ষা দেব যে ওঁকে অনুতাপ করতে হবে।’’

সিবিআই সোমবার রাতেই একটি হলফনামা জমা দিয়ে দেয়। কেন্দ্র-রাজ্য সংঘাত কোন দিকে গড়াবে, তার অনেকটাই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এদিকে রাজীবের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি গতকাল বলেন, সব অভিযোগ মিথ্যা। সাক্ষী হিসেবে রাজীবের কাছে সিবিআইয়ের যা প্রশ্ন ছিল, তার লিখিত জবাব দেওয়া হয়েছে। রাজ্য সরকারি সিট-এর প্রধান হিসেবে সারদার নথিও তিনি সিবিআইকে দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন