
আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকি গুরুত্বপূর্ণ শহর তেলসমৃদ্ধ কিরকুকে ফের সেনা মোতায়েন করেছে বাগদাদ। গতকাল রবিবার সরকারি বাহিনীর সদস্যদের সেখানে মোতায়েন করা হয়। এক সামরিক কর্মকর্তা বলেন, সেনারা এলাকাটিতে পৌঁছানোর অল্প সময়ের মধ্যেই তাদের সেখানে মোতায়েন করা হয়। নতুন সামরিক ইউনিট এলাকাটি থেকে সন্ত্রাসবিরোধী বাহিনী প্রত্যাহারের পর তাদের স্থলাভিষিক্ত হবে।গত ডিসেম্বরে কিরকুক থেকে সন্ত্রাসবিরোধী বাহিনীকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেন ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদী। কিরকুক শহরটি কুর্দিস্তানের মধ্যে অবস্থিত না হলেও কুর্দিরা এ শহরটিকে তাদের প্রাণকেন্দ্র বলে মনে করে। ২০১৭ সালে ইরাকি কুর্দিস্তানের স্বাধীনতা নিয়ে আয়োজিত গণভোটে এ শহরের কুর্দিরাও অংশ নিয়েছিল।