
আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশের মেনতাওয়াই দ্বীপে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল শনিবারের এই ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পের পর এর ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ করছেন কর্মকর্তারা। তবে তাৎক্ষনিকভাবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
গতকাল শনিবার মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুয়াপেজাত শহরের একশো কিলোমিটার দক্ষিণপশ্চিম এবং বন্দরনগরী পাদাংয়ের দুইশো কিলোমিটার দক্ষিণে মাটির ১০ কিলোমিটার গভীরতায়। ভূমিকম্পের পর কিছু সময়ের জন্য ভীত হয়ে পড়েছিলেন পাদাং শহরের বাসিন্দারা।