
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের পূর্বাঞ্চলে লোহার খনির বাঁধ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছেই। এক সপ্তাহের ব্যবধানে ৩০০ ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করছেন তদন্তকারীরা। যারা নিখোঁজ ছিলেন বলে আগে বলা হয়েছিল, তাদের সবাইকে নিহত বলেই ধরে নেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার পর্যন্ত ১১০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত ছিল। আর নিখোঁজ ছিলেন ২৩৮ জন। গতকাল শুক্রবার দিনগত রাতে এসে ধারণা করা হচ্ছে, ওই নিখোঁজ ব্যক্তিরাও নিহত হয়েছেন। কর্তৃপক্ষ বলছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এখনও পর্যন্ত আর কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে যারা নিখোঁজ রয়েছেন তাদের জীবিত থাকার আশা ক্ষীণ।
ব্রাজিলের মিনাস জিরাইস রাজ্যের ব্রুমাদিনহোর বেলো হরিজনতো শহরে বিস্ফোরণ থেকে মিনা ফিইজো খনিতে গত শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টায় বাঁধ ধসের ঘটনা ঘটে। খনিটি বেলো হরিজনতো থেকে ৪০ মাইল দক্ষিণ পশ্চিমে। ভ্যালি কোম্পানির মালিকানাধীন এই খনি ধসের ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে তিনজনই কোম্পানিটির কর্মকর্তা, যারা পরিবেশগত ছাড়পত্র নেওয়ার দায়িত্বে ছিলেন। ভ্যালি পৃথিবীর লৌহ এবং নিকেল উৎপাদনকারী বৃহত্তর একটি কোম্পানি। ধসের পর কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত চলছে। বাঁধের চাপ নিয়ন্ত্রণে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছিল, তাতে কোনো ত্রুটি ছিল না।