
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই দুটি মার্কিন যুদ্ধজাহাজ ফের তাইওয়ান প্রণালীকে নিজেদের পথ হিসেবে ব্যবহার করেছে। যুদ্ধজাহাজ দুটি প্রণালীটির উত্তর দিক ধরে ক্রমশ এগিয়ে গিয়েছে বলে জানিয়েছে তাইওয়ান। যদিও আন্তর্জাতিক আইনের সমস্ত বিধি মেনেই এই যুদ্ধজাহাজগুলো তাইওয়ান প্রণালীতে ঢুকেছে বলে দাবি তাদের। দুই মাসের ব্যবধানে ফের তাইওয়ান প্রণালীতে মার্কিন নৌযানের উপস্থিতি বেজিংয়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়িয়ে তুলবে বলেই ধারণা পর্যবেক্ষকদের। শুধু তাই নয়, এই ঘটনা তাইওয়ান-চীন সম্পর্ককে আরও তিক্ত করবে বলে মনে করছে আন্তজাতিকমহল। শুধু তাই নয়, ওয়াশিংটন-বেজিং উত্তেজনায় নতুন মাত্রা যোগ হবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, চীন-তাইওয়ানকে তার নিজের ভূখণ্ডের অংশ মনে করে। তাইপের যে কোনও ধরনের উসকানিমূলক আচরণ ঠেকাতে সামরিক শক্তি প্রয়োগে পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। তাইওয়ানে স্বাধীনতার পক্ষে থাকা প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন দায়িত্ব নেওয়ার পর থেকেই তার প্রশাসনের সঙ্গে বেজিংয়ের টানাপোড়েন প্রকাশ্য হয়েছে। অন্যদিকে, চীন তাইওয়ানকে জোর করে দখলে নিতে পারে এই শঙ্কায় ওয়াশিংটন বারবারই তাইপেকে পাশে থাকার আশ্বাস দিয়েছে। আর তা বোঝাতে গত বছর তিন বার স্ট্রেটেজিক এই প্রণালীটিতে তিন দফায় যুদ্ধজাহাজ পাঠিয়েছে ওয়াশিংটন। যুদ্ধজাহাজ নিয়ে এখনও পর্যন্ত বেজিংয়ের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। মনে করা হচ্ছে, চীন পুরো পরিস্থিতির উপর নজর রাখছে। তবে এর আগেই তারা তাইওয়ান ও ফিলিপাইনের মাঝে অবস্থিত বাশি চ্যানেলে বেশ কয়েকটি বোমারু বিমান ও উড়োজাহাজ পাঠায় বলেও অন্য এক বিবৃতিতে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা দফতর। আজ বৃহস্পতিবার চীনের বোমারু বিমান ওই চ্যানেল দিয়ে উড়ে গিয়েছে বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা দফতর।