
আন্তর্জাতিক ডেস্কঃ স্থানীয় পৌরসভার ১২৬ সরকারি কর্মকর্তাকে দুর্নীতির দায়ে বরখাস্ত করেছে সৌদি আরব। গতকাল বুধবার পৌর ও গ্রামীণ কার্যক্রমবিষয়ক মন্ত্রণালয় এক টুইটার পোস্টে বলেছে, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থনৈতিক ও ব্যবস্থাপনাগত দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। এ ছাড়া তারা বিভিন্ন আইন ও ফৌজদারি বিধি লঙ্ঘন করেছেন। ২০১৭ সালের নভেম্বরে সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান দুর্নীতির অভিযোগে ধরপাকড়ের নির্দেশনা দেন।
পরে দেশটির কর্তৃপক্ষ কয়েক ডজন প্রিন্স, ধনকুবের ও শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করেন। তাদের অনেককে রিয়াদের বিলাসবহুল রিটস-কার্লটন হোটেলে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটকদের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ বিনিয়োগকারী প্রিন্স আলওয়ালিদ বিন তালালও ছিলেন। সরকারের সঙ্গে তাদের অর্থনৈতিক সমঝোতা হওয়ায় অনেককে ছেড়ে দেয়া হয়েছে। গত বছর দুর্নীতির বিরুদ্ধে তদন্ত ও বিচারের গত বাড়াতে একটি বিশেষায়িত গণপ্রকৌশল অধিদফতর প্রতিষ্ঠার নির্দেশ দেন সৌদি বাদশাহ সালমান।