
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন শিবিরে বহু বছর ধরে বসবাস করা ৩০ হাজার শরণার্থীকে ভূমির অধিকার দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছেন, আরও কয়েক হাজার শরণার্থীও ভূমির অধিকার পাবেন। গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে শরণার্থীদের হাতে জমির মালিকানা তুলে দিয়ে মমতা ব্যানার্জি বলেন, ব্যক্তিগত বাস সরকারি জমির ওপর নির্মিত দুইশোরও বেশি শরণার্থী শিবিরে যারা বসবাস করছেন তারাও ভূমির অধিকার পাবেন। এসব ভূমি কিনে নিয়ে বা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নিয়ে তাদের মধ্যে বরাদ্দ করা হবে বলে জানান তিনি। ভারতীয় কর্মকর্তাদের হিসেবে পশ্চিমবঙ্গে বিভিন্ন শিবিরে দেড় লাখ শরণার্থী পরিবার বসবাস করে। এদের বেশিরভাগই বাংলাদেশ থেকে আশ্রয় নেওয়া শরণার্থী।
ভারতের বিভিন্ন রাজ্যে বর্তমানে ২০ লাখেরও বেশি শরণার্থী বসবাস করছে। এসব শরণার্থীদের মধ্যে তিব্বত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ এবং রোহিঙ্গা নাগরিকেরা রয়েছেন। গত বছর ভারতের মহারাষ্ট্র সরকার ৭০ বছর আগে পাকিস্তান থেকে আসা শরণার্থীদের ভূমির অধিকার দেয়। বাংলাদেশ থেকে আসা চাকমা এবং হাজং নৃগোষ্ঠীর শরণার্থীদের সীমিত মাত্রায় ভারতের নাগরিকত্বের অধিকার থাকলেও ভূমির মালিকানার অধিকার নেই। তিব্বতের শরণার্থীরা সামাজিক সুবিধা পেলেও ভূমির অধিকার নেই। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক অচিন চক্রবর্তী বলেন, ভূমির মালিকানা শরণার্থীদের জন্য একটা ইস্যু। মালিকানা পাওয়ায় তারা আরও সুরক্ষিত বোধ করবে।