
আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলার স্বঘোষিত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদো’র দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সুপ্রিম ট্রাইব্যুনাল অব জাস্টিস। একইসঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার তার বিরুদ্ধে এমন পদক্ষেপের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট ৩৫ বছরের জুয়ান গুইদো’র বিরুদ্ধে রাষ্ট্রের সাংবিধানিক স্থিতিশীলতায় গুরুতর আঘাত হানার অভিযোগ আনা হয়েছে। হাই কোর্টের প্রেসিডেন্ট মাইকেল মোরেনো বলেন, জুয়ান গুইদো’র রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়ে উঠার কারণ সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার দেশত্যাগ নিষিদ্ধ করা হলো। এর আগে গত সোমবার ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে এ মার্কিন কুটনীতিক বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার মিত্ররা এখন থেকে আর দেশটির জনগণের সম্পদ হরণ করতে পারবে না। নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার কাজে সহযোগিতার জন্য দেশটির সেনাবাহিনীর প্রতিও আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলার বৈদেশিক আয়ের প্রধান উৎস হচ্ছে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাকে এ যাবতকালের মধ্যে সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা বলে প্রতীয়মান হচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, তেল খাতে ভেনেজুয়েলার আয় করা অর্থের অপচয় রোধকল্পে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ’র বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার পরদিনই জুয়ান গুইদো’র দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।