
আন্তর্জাতিক ডেস্কঃ প্রায় এক বছর ধরে অনেক আলোচনার পর ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা বেবি লিভ প্রক্সি ভোট অনুমোদন করেছেন। এখন থেকে গর্ভবতী এমপিরা শারীরিকভাবে উপস্থিত হতে না পারলেও প্রতিনিধির মাধ্যমে সংসদীয় ভোট প্রদান করতে পারবেন। গত ১৫ জানুয়ারি ব্রেক্সিট কার্যকরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মের প্রস্তাবিত খসড়া চুক্তিটি পাসের জন্য ভোট অনুষ্ঠিত হয়। এই ইস্যুতে ভোট দেয়ার জন্য বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিক তার সিজারিয়ানের তারিখ স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। ওইদিন হুইল চেয়ারে করে ভোট দিতে যান তিনি। মূলত তার এই অপারেশন স্থগিতের সিদ্ধান্তে বেবি লিভ প্রক্সি ভোট বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
এর আগে বেবি লিভ প্রক্সি ভোট বিষয়ে আলোচনার সময়ে টিউলিপ তার ছেলেকে কোলে নেয়া একটি ছবি টুইট করে তিনি লেখেন, রাফায়েলকে(ছেলের নাম) নিয়ে জরুরি একটা সিদ্ধান্ত দেখছি। মাত্র ছয়দিন বয়সে রাফায়েলের নাম হ্যানসার্ডে(ব্রিটিশ পার্লামেন্টে ব্যবহৃত কাগজপত্র) তুলে ধরায় এবং প্রক্সি ভোট চালু হওয়ায় আমি খুবই আনন্দিত। সময়োপযোগী একটা সিদ্ধান্ত যেটাকে আমি স্বাগত জানাই।