News71.com
 International
 25 Jan 19, 06:14 AM
 181           
 0
 25 Jan 19, 06:14 AM

গর্ববতী সাংসদরা প্রতিনিধির মাধ্যমে ভোট দিতে পারবেন ব্রিটিশ পার্লামেন্টে॥

গর্ববতী সাংসদরা প্রতিনিধির মাধ্যমে ভোট দিতে পারবেন ব্রিটিশ পার্লামেন্টে॥

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকীর দাবির পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য সংসদের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ভোটদান বিধি পাল্টানো হয়েছে। ফলে এখন থেকে গর্ভবতী এমপিরা শারীরিকভাবে হাউসে উপস্থিত হতে না পারলেও প্রতিনিধির মাধ্যমে সংসদীয় ভোট প্রদান করতে পারবেন। গত ১৫ জানুয়ারি ব্রেক্সিট কার্যকরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মের প্রস্তাবিত খসড়া চুক্তিটি পাসের জন্য ভোটাভুটি হয়েছিল। সে সময় গুরুত্বপূর্ণ ভোটাধিকার প্রয়োগ করতে চেয়েছিলেন টিউলিপ। ব্রিটিশ হাউস অব কমন্সের নিয়ম অনুযায়ী সংসদ সদস্যকে শারীরিকভাবে উপস্থিত হয়ে ভোট দিতে হয়। টিউলিপ সন্তান প্রসবের জন্য তার ভোটাধিকার প্রশ্নে আপস করতে রাজি ছিলেন না।

ফলে নির্ধারিত সিজারিয়ান অপারেশন বিলম্বিত করার সিদ্ধান্ত নেন তিনি। ওই দিন হুইল চেয়ারে করে কমন্সে যান ভোট দিতে। এ ঘটনা তখন বিশ্বজুড়ে বিভিন্ন সংবাদমাধ্যমের আলোচিত বিষয় হয়ে উঠেছিল। এরপর এ নিয়ম পরিবর্তনের দাবি করেন টিউলিপ। দাবির পরিপ্রেক্ষিতে এ সপ্তাহেই কমন্সে বিষয়টি নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। এরপর সদ্য বাবা-মা হওয়া সংসদ সদস্যদের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে এক বছরের জন্য প্রক্সি ভোটিং চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফলে গর্ভবতী এমপিরা তাদের পক্ষে ভোট দেয়ার জন্য অপর একজন সংসদ সদস্যকে মনোনীত করতে পারবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মন্তব্যে প্রক্সি ভোটিংয়ের বিধান পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন টিউলিপ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন