News71.com
 International
 16 Jan 19, 10:50 AM
 137           
 0
 16 Jan 19, 10:50 AM

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘর্ষ॥৩ গ্রামবাসী নিহত  

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘর্ষ॥৩ গ্রামবাসী নিহত   

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলার সময় গুলিবিদ্ধ হয়ে ৩ নিরস্ত্র গ্রামবাসী নিহত হয়েছে। গত রবিবার (১৩ জানুয়ারি) রাখাইনের বুথিয়াডং এলাকায় এ সংঘর্ষ হয়। আর সোমবার (১৪ জানুয়ারি) সকালে মরদেহ তিনটি উদ্ধার করে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে মিয়ানমারের সংবাদমাধ্যম এই খবরটি জানিয়েছে।

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৭ লাখ মানুষ। গত ৪ জানুয়ারি রাখাইনে সীমান্ত চৌকিতে আরাকান আর্মির সদস্যদের হামলায় ১৩ পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর থেকে ওই এলাকার পরিস্থিতি নতুন করে উত্তপ্ত রয়েছে। প্রায়শই মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে। এরই ধারাবাহিকতায় গত রবিবার বুথিয়াডং এলাকায় দুই পক্ষের সংঘর্ষ হয় ।

রাখাইনের বুথিয়াডং গ্রামে প্রায় ৮ হাজার রোহিঙ্গার বসবাস। বেশ কিছু আরাকানি ঘর-বাড়িও রয়েছে সেখানে। গত সোমবার (১৪ জানুয়ারি) হোপোন নিয়ো লিক এলাকার বাসিন্দা নুরুল ইসলাম গত সোমবার দুপুরে ইরাবতীকে জানান, ওইদিন সকালে তিনটি মৃতদেহ উদ্ধার করেছে গ্রামবাসী। মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির রবিবারের সংঘাতের এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার হয়। নিয়ো লিক দাবি করেন, গুলিবিদ্ধ হয়ে ওই তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ১৯ বছর বয়সী রোহিঙ্গা রয়েছে। বাকিরা রাখাইন সম্প্রদায়ভুক্ত আরাকানি গ্রামবাসী বলে ধারণা করা হচ্ছে ।

গ্রামবাসী নিহতদের জন্য শেষকৃত্যের আয়োজন করতে চেয়েছিল। তবে সোমবার দুপুরে মিয়ানমার সেনাবাহিনী মরদেহগুলো তাদেরকে হস্তান্তর করতে বলে। পরে মুসলিম তরুণের মরদেহটি ফেরত দেয় সেনাবাহিনী। নুরুল ইসলাম জানান, নিহত দুই আরাকানির প্রত্যেকের কাঁধেই একটি করে ব্যাগ ছিল। তবে তাদের কাছ থেকে কোনও ধরনের গোলাবারুদ পাওয়া যায়নি। একই গ্রামের এক আরাকানি বাসিন্দা নাম প্রকাশ না করে দাবি করেন, কয়েকজন বেসামরিক নিহত হয়েছে। গ্রামবাসী কয়েকটি মরদেহ পেয়েছে ।

তিনি জানান, রবিবার (১৩ জানুয়ারি) আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর ওইদিন আটক করা হয়েছে বিভিন্ন গ্রামের ১৫ জন আরাকানি বাসিন্দাকে। এর মধ্যে ১৩ জনকে মঙ্গলবার (১৫ জানুয়ারি) বুথিয়াডং ভিত্তিক সীমান্ত পুলিশ সদর দফতর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। থা ইয়েত পিয়িন গ্রামের এক বাসিন্দা ও এক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে আনল্যফুল অ্যাসোসিয়েসন ল্য’স সেকশন ১৭ (এ) এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। থা ইয়েত পিয়িন হলো নিয়ো লিকেরই পার্শ্ববর্তী গ্রাম ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন