
আন্তর্জাতিক ডেস্কঃ সভায় বক্তব্য রেখেই মঞ্চ ত্যাগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একবারের জন্যেও খেয়াল করলেন না যে মঞ্চে তখন জাতীয় সঙ্গীত গাওয়া হবে এবং তার ঘোষণা হয়ে গিয়েছে। গতকাল শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার শ্যামবাজার এলাকায়। এদিন সন্ধ্যায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের কাছেই ছিল তৃণমূলের সভা। সেই সভায় জাতীয় সঙ্গীত শুরুর সময়েই অভিষেকের মঞ্চ ত্যাগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক ।
এদিন ব্রিগেড সমাবেশের প্রচারের জন্য শ্যামবাজারে সভার আয়োজন করে তৃণমূল। সেই সভার মূল বক্তা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে হাজির ছিলেন সুদীপ ও নয়না বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা, মদন মিত্র, সাধন পাণ্ডে, ফিরহাদ হাকিমের মতো ব্যক্তিরা। তাঁদের সঙ্গে এক সারিতে হাজির ছিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। সভায় বক্তব্য রাখতে গিয়ে দলনেত্রী মমতাকে সুভাষ চন্দ্র বোসের সঙ্গে তুলনা করেন অভিষেক। তিনি বলেন, “৮০ বছর আগে এক বাঙালি ‘দিল্লি চলো’ ডাক দিয়েছিলেন। আজ আরেক বাঙালি ‘দিল্লি চলো’র ডাক দিচ্ছেন। সেই বাঙালি ইংরেজদের বিরুদ্ধে লড়তে কংগ্রেস ছেড়েছিলেন। এই বাঙালি বাম অপশাসন রুখতে কংগ্রেস ছেড়েছিলেন।” নেতাজীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানায় করতালি উপচে পড়ছিল সভাস্থলে ।
এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু তাল কাটল এরপরে। প্রধান এবং শেষ বক্তা অভিষেকের বক্তব্য শেষ হতেই সঞ্চালক ঘোষণা করলেন যে এবার জাতীয় সঙ্গীত গাওয়া হবে। ঠিক তখনই মঞ্চ ত্যাগ করেন ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ। মঞ্চে উপস্থিত তাবড় নেতারা অবশ্য এই বিষয়ে মুখ খোলেননি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় নেতা বলেছেন, “জরুরী কাজ ছিল তাই তাড়াতাড়ি চলে গিয়েছে। এই বিষয়ে আমি আর কী বলব !”