
আন্তর্জাতিক ডেস্কঃ ডিআর কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন বিরোধী প্রার্থী ফেলিক্স সিকেডি। নির্বাচনি কর্মকর্তাদের ঘোষিত এই ফলকে নির্বাচনি ক্যু হিসেবে আখ্যা দিয়েছে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মার্টিন ফেলিয়ুর সমর্থকরা। দেশটির প্রভাবশালী ক্যাথলিক চার্চের পক্ষ থেকেও বলা হয়েছে, তাদের নির্বাচন পর্যবেক্ষকদের সংগ্রহ করা ফলাফলের সঙ্গে মিলছে না নির্বাচন অফিসের ঘোষিত পরিসংখ্যান। নির্বাচনে তৃতীয় স্থান পাওয়া ক্ষমতাসীন দলের প্রার্থী এমানুয়েল শাদারি ঘোষিত ফলাফলকে এখনও চ্যালেঞ্জ করেননি। বিরোধীরা বলছেন সিকেডির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি চুক্তির কারণেই চুপ রয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী। তবে সব অভিযোগই অস্বীকার করেছে সিকেডির দল।
উপনিবেশিক শক্তি বেলজিয়ামের কাছ থেকে ১৯৬০ সালে স্বাধীনতা লাভ করে ডিআর কঙ্গো। দেশটিতে গত ১৮ বছর ধরে দায়িত্ব পালন করছেন বর্তমান প্রেসিডেন্ট জোসেফ কাবিলা। তিনি এবারের নির্বাচনে অংশ নেননি। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে সিকেডির জয় নিশ্চিত হলে তিনিই হবেন স্বাধীনতা পরবর্তী সময়ে বিজয়ী হওয়া প্রথম কোনও বিরোধী দলীয় প্রেসিডেন্ট। গতকাল বৃহস্পতিবার ভোরে ডিআর কঙ্গোর জাতীয় নির্বাচন কমিশনের (সেনি) প্রধান কর্নেলি নানগা জানান ৩০ ডিসেম্বরের নির্বাচনে ৪৮ শতাংশ ভোট পড়েছে। তিনি বলেন, এই নির্বাচনে সিকেডি ৩৮ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। আপাতভাবে তাকেই নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি। পূর্ণাঙ্গ ফলাফল অনুযায়ী ফেলিক্স সিকেডি পেয়েছেন ৭০ লাখ ভোট, মার্টিন ফেলিয়ু পেয়েছেন ৬৪ লাখ ভোট, আর এমানুয়েল শাদারি পেয়েছেন ৪৪ লাখ ভোট। তবে এই ফলাফল এখনও চ্যালেঞ্জ করার সুযোগ আছে।