
আন্তর্জাতিক ডেস্কঃ এক অঘোষিত সফরে রাজধানী বাগদাদে ইরাকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সেখানে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের সঙ্গে দেখাও করেছেন তিনি। এই সফরে পম্পেও ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি, প্রেসিডেন্ট বাহরাম সলিহ, পররাষ্ট্রমন্ত্রী মোহামেদ আলহাকিম, পার্লামেন্টের স্পিকার মোহামেদ আল হালবুসির সঙ্গে বৈঠক করেন। তবে পম্পেও এর এই সফর নিয়ে তাৎক্ষনিক মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দফতর। সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ও সিনিয়র কর্মকর্তাদের কাছ থেকে পরস্পরবিরোধী বক্তব্য আসার মধ্যেই মধ্যপ্রাচ্যে সফর করছেন পম্পেও।
গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও’র সফর নিয়ে জানতে চাইলে মন্তব্য করতে অস্বীকার করেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি। তবে তিনি বলেন, পম্পেও এর সঙ্গে বৈঠক হলে সেখানে তিনি আইএসবিরোধী লড়াইয়ে মার্কিন জোট ও ইরাকের সম্পর্ক জোরালো করা নিয়ে আলোচনা করবেন তিনি। তিনি বলেন, তিনি আমাদের মিত্র। তিনি একটি বন্ধুত্বপূর্ণ দেশের প্রতিনিধিত্ব করেন। এর আগে গত মঙ্গলবার জর্ডানের রাজধানী আম্মানে এক সংবাদ সম্মেলনে পম্পেও বলেন, এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ইস্যুর মধ্যে রয়েছে আইএসকে পরাজিত করা ও ইরান। মধ্যপ্রাচ্যে ইরান বিরোধী জোট গড়তে আট দেশে সফর শুরু করেছেন পম্পেও। জর্ডান, ইরাক ছাড়াও আশা করা হচ্ছে পম্পেও মিসর, বাহরাইন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কুয়েত সফর করবেন।