
আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে ভিসা প্রসেসিং সিস্টেম পুনরায় চালু হয়েছে। আজ বুধবার থেকে দেশটিতে ৬ মাসের জব স্টিকার ভিসা ও ভিসা ট্রান্সফারসহ পূর্বের সব ভিসা প্রসেসিং সিস্টেম চালু হয়েছে বলে জানা গেছে। তবে শ্রমিক ভিসা এখনও বন্ধ রয়েছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি ৬ মাসের জব স্টিকার ভিসাপ্রাপ্ত সব প্রবাসীদেরকে যেকোনো কোম্পানিতে এমপ্লয়ী ভিসায় পরিবর্তন করার পরামর্শ দেন ।
উল্লেখ্য, প্রায় ৬ বছর ধরে বাংলাদেশি শ্রম বাজার বন্ধের পর অবৈধ অভিবাসী বৈধ করতে গত বছরের ১ আগস্ট থেকে ৫ মাস পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। গত ৩১ ডিসেম্বর এই সাধারণ ক্ষমার সময়সীমা শেষ হয়েছে। এরপর চলতি বছরের ১ জানুয়ারি থেকে ভিসা অধিদফতরের অনলাইনে যাবতীয় ভিসা প্রসেসিং সিস্টেম বন্ধ হয়ে যায়। এরপর আবার আজ থেকে এই ভিসা প্রসেসিং সিস্টেম পুনরায় চালু হয় ।