
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার পর ডেমোক্রেটরা এমন একটি বিল উত্থাপন করেছে যাতে নতুন করে মাত্রা পেতে যাচ্ছে দেশটির অস্ত্র নিয়ন্ত্রণ আইন। ধারণা করা হচ্ছে এই আইনে অনেকদিন ধরেই এই আইন কঠোর করার যে আন্দোলন চলছে তা সাফল্যের মুখ দেখবে। বিগত কয়েক বছরেই যুক্তরাষ্ট্রে অনেক গুলির ঘটনা ঘটছে। প্রত্যেকবার বন্দুক হামলায় প্রাণহানির ঘটনার পর সামনে আসে দেশটির অস্ত্র নিয়ন্ত্রণ আইনের বিষয়টি। বন্দুক হামলার ঘটনা বেড়ে যাওয়ার কারণ হিসেবে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতাকে দায়ী করা হয়। সংখ্যাগরিষ্ঠতা লাভের পাঁচদিনর পর হাউস ডেমোক্রেটের উত্থাপিত বিলে এমন কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে যাতে করে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর হবে। ২০১২ সালে স্যানন্ডি হুক এলেমেন্টারি স্কুলে এক বন্দুকহামলায় ২০ শিশু ও ছয় শিক্ষক নিহত হওয়ার পরই এই আন্দোলন জোরদার হয়। এছাড়া ২০১৮ সালের মার্চে ক্যালিফোর্নিয়ার একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৭ জনের প্রাণহানির পর যুক্তরাষ্ট্রজুড়ে জোরালো হয়েছিল অস্ত্র নিয়ন্ত্রণের দাবি। এই দাবিতে ক্যালিফোর্নিয়ার স্কুল শিক্ষার্থীদের আয়োজনে রাজপথে নামে কয়েক হাজার সাধারণ মানুষ।
সাবেক ডেমোক্রেট কংগ্রেসম্যান গ্যাব্রিয়েল গিফর্ডস বলেন, অস্ত্র সহিংসতা নিয়ন্ত্রণে অনেক সাহসের প্রয়োজন। আমাদের কখনোই এই লড়াই থামাতো উচিত না। আট বছর আগে এই গিফোর্ডই গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ছয়জন। মাথায় গুলি লাগলেও বেঁচে যান তিনি। এখন তিনি অস্ত্র নিয়ন্ত্রণ আন্দোলনে সোচ্চার কণ্ঠস্বর। গিফর্ডকে সমর্থন দিয়েছেন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি বলেন, আজ আমাদের কিছু করার দিন। যথেষ্ঠ হয়েছে। নতুন এই বিলটি হাউসে পাশ হয়ে গেলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে আটকে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তারপরও এই আংশিক পাশ হওয়াকে অস্ত্র নিয়ন্ত্রণ আইন জোরদারে গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছেন আন্দোলনকারীরা। গিফর্ডে র গান কন্ট্রোল গ্রুপের নির্বাহী পরিচালক পিটার আম্বলার বলেন, আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাবো। মার্চ ফর আওয়ার লাইভস এর প্রতিষ্ঠাতা জ্যাকলিন করিন বলেন, আজ খুবই খুশির দিন, উৎসবের দিন। আমাদের কঠোর পরিশ্রম সাফল্যের মুখ দেখতে শুরু করেছে। আন্দোলনকারীরা ইতোমধ্যে লড়াইয়ের পরিকল্পনা শুরু করেছেন। করিন বলেন, তারা যদি এই বিল সমর্থন না করে, তবে জনগণের সামনে এটা স্পষ্ট হয়ে যাবে যে তারা তাদের কতটুকু মূল্য দেয়।