News71.com
 International
 09 Jan 19, 01:42 PM
 138           
 0
 09 Jan 19, 01:42 PM

রহস্যাবৃত জীবনের আরও এক তথ্য সামনে আনলেন রুশ প্রেসিডেন্ট পুতিন।।  

রহস্যাবৃত জীবনের আরও এক তথ্য সামনে আনলেন রুশ প্রেসিডেন্ট পুতিন।।   

আন্তর্জাতিক ডেস্কঃ নিজের রহস্যাবৃত জীবনের আরও খানিকটা জনসম্মুখে আনলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানালেন, সোভিয়েত আমলে একটি আর্টিলারি ব্যাটালিয়নের নেতৃত্বে ছিলেন তিনি। প্রথমবারের মতো সোভিয়েত যুগের সামরিক নেতৃত্বে থাকার এই তথ্য দিলেন তিনি।পুতিনের আনুষ্ঠানিক আত্মজীবনীতেও লেফটেন্যান্ট হিসেবে সামরিক ব্যাজ থাকা বা আর্টিলারি ব্যাটালিয়নের কমান্ডার থাকার কোনও উল্লেখ ছিল না। গতকাল মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গের পিটার অ্যান্ড পল দুর্গ সফর করেন পুতিন। সেখানে কামানের গোলা ছোড়ার প্রাত্যহিক কার্যক্রমেও অংশ নেন রুশ প্রেসিডেন্ট। সেই সফরের একপর্যায়ে নিজের জীবন নিয়ে নতুন এই তথ্য তুলে ধরেন তিনি। গোলা নিক্ষেপ কার্যক্রমের পর ক্রেমলিনের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে পুতিন বলেন, হাওটজার আর্টিলারি...১২২ মিমি (ক্যালিবার) ব্যাটালিয়নের কমান্ডার ও গোলন্দাজ বাহিনীর সদস্য হিসেবে আমি লেফটেন্যান্ট র্যাংক অর্জন করেছিলাম। তবে এর বিস্তারিত কিছু জানাননি রুশ প্রেসিডেন্ট পুতিন।


ক্রেমলিনের তথ্য অনুযায়ী, ১৯৭৫ সালে লেনিনগ্রাদ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করার পরই তিনি কেজিবি’তে যোগ দেন। সোভিয়েত নিরাপত্তা সংস্থায় ১৬ বছর দায়িত্ব পালন করে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের আগে তিনি কেজিবি’র লেফটেন্যান্ট কর্নেল র্যাংক অর্জন করেন। সোভিয়েত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করা শারীরিকভাবে সক্ষম সব শিক্ষার্থীকেই সামরিক প্রশিক্ষণ নিতে হতো। এই প্রশিক্ষণের পর তারা অতিরিক্ত বাহিনীর কর্মকর্তা হিসেবে র্যাংক পেতেন। আর পুতিন সম্ভবত এই র্যাংকের কথাই উল্লেখ করেছেন। সম্প্রতি জার্মানির একটি আর্কাইভে পূর্ব জার্মানির গোপন পুলিশ বাহিনীতে পুতিনের একটি পরিচয়পত্র পাওয়া গেছে। তবে এই পরিচয়পত্র ইস্যু হওয়ার বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি ক্রেমলিন।


জানা গেছে, ১৯৮০ দশকে পূর্ব জামানির শহর ড্রেসডেনে কেজিবি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন পুতিন। সে সময় পুতিনের কার্যক্রম সম্পর্কে বিশ্বাসযোগ্য খুব বেশি তথ্য জানা যায়নি। আরও জানা গেছে, সে সময় ওই শহরে কর্মরত বা পড়াশোনারত বিদেশিদের ফাঁদে ফেলা বা তাদের দলে ভিড়ানোর চেষ্টা করে থাকতে পারেন তিনি। এছাড়া কেজিবিতে কাজ করার সময়ে গোয়েন্দা প্রতিরোধ কর্মকাণ্ডে কাজ করতেন বলে জানা যায়। কোনও কোনও প্রতিবেদনে বলা হয়ে থাকে, সোভিয়েতের রাজনৈতিক বিরোধীদের ওপর নজরদারির দায়িত্ব ছিল তার ওপর। তবে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়নি কখনও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন