
আন্তর্জাতিক ডেস্কঃ সদস্যপদ স্থগিত থাকার সাত বছর পর বৈরুতে অনুষ্ঠিতব্য আরব লিগের বৈঠকে আমন্ত্রণ পেতে যাচ্ছে সিরিয়া। এরইমধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে আমন্ত্রণ জানানোর বিষয়ে বেশ কয়েকটি আরব দেশের সঙ্গে আলোচনা করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল। আসাদের অংশগ্রহণ প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সৌদি আরবের সম্মতির অপেক্ষা করা হচ্ছে। আরব বসন্তের উত্থান ও পরে শুরু হওয়া গৃহযুদ্ধের জেরে ২০১১ সালে স্থগিত করা হয় সিরিয়ার আরব লিগের সদস্যপদ। তবে সম্প্রতি কয়েকটি আরব দেশ দামেস্কতে তাদের দূতাবাস পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু করেছে। বৈরুতে আরব লিগের বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ পেলে সিরিয়ার সদস্যপদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলেই ধারণা করা হচ্ছে।
মিসর ও আরব কর্মকর্তাদের সহায়তায় বেশ কয়েকটি দেশের সঙ্গে সিরিয়াকে আমন্ত্রণ জানানোর বিষয়ে টেলিফোনে আলাপ করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বসিল। এরইমধ্যে বাহরাইন, কুয়েত, ইরাক, ফিলিস্তিন, জর্ডান, মিসর ও তিউনিশিয়ার সঙ্গে আলাপ করেছেন তিনি। লেবাননের আইনপ্রণেতা সেলিম ওয়ুন অস্বীকার করলেও লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বসিলের দামেস্ক সফরের খবর দিয়েছে আল আকবর। একটি সিনিয়র সূত্রকে উদ্ধৃত করে সংবাদপত্রটি জানিয়েছে, সিরিয়ার আমন্ত্রণপত্র হস্তান্তর করার বিষয়টি এখনও দামেস্ককে জানাননি লেবাননের দূত। আগামী ১৯ ও ২০ জানুয়ারি বৈরুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২২টি আরব রাষ্ট্রের জোট আরব লিগের পরবর্তী সম্মেলন। এরই মধ্যে সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে জর্ডান। এছাড়া সিরিয়া প্রশ্নে সৌদি আরবের জবাব আসতে দেরি হওয়ায় গুঞ্জন ওঠে স্থগিত হতে পারে এবারের সম্মেলন। তবে লেবাননের তরফ থেকে যথাসময়ে সম্মেলন শুরুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।