
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব জুড়ে কমছে তেলের দাম। ভারতও তার ব্যতিক্রম নয়। গত অক্টোবর মাসের মাঝামাঝি থেকে নিত্যদিন কমছে অপরিশোধিত তেলের দাম। এই অবস্থাতেও পেট্রল-ডিজেলের দাম বাড়াল কর্ণাটক সরকার। চলতি সপ্তাহেই ওই রাজ্যে পেট্রল-ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। কিন্তু বিশ্ব জুড়ে তেলের দাম যখন কমছে তখন কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হল? এই প্রশ্নের জবাব দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী। তিনি জানিয়েছেন যে বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় পেট্রপণ্যের দাম কমছে। এর জেরে কুমারস্বামীর সরকারের রাজস্ব ঘাটতি হচ্ছে। সেই ঘাটতি মেটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত মে মাসে কর্ণাটকে কংগ্রেস এবং জেডিএস জোট সরকার গঠিত হয়েছে। যার মুখ্যমন্ত্রী হয়েছেন এইচডি কুমারস্বামী। ভোটের পরে বিজেপিকে রুখতে জোট গঠন নিয়ে হয়েছিল রাজনৈতিক জটিলতা। কংগ্রেসের অনেক নেতাও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে বিজেপি শবিরের টিপ্পনিও সহ্য করতে হয়েছে জোট সরকারকে। কর্ণাটকের জোট সরকারের নয়া সিদ্ধান্ত অনুসারে পেট্রল-ডিজেলের উপরে চার শতাংশ করে কর বসানো হচ্ছে। আগে পেট্রল-ডিজেলের উপরে যথাক্রমে প্রায় ২৮ এবং ১৭ শতাংশ করে কর নেওয়া হতো। বর্তমানে তা প্রায় ৩২ এবং ২১ শতাংশ হচ্ছে। নির্বাচনের সময়ে রাজ্যের কৃষকদের ঋণ মুকুব করার প্রতিশ্রুতি দিয়েছিল জেডিএস। ক্ষমতা দখলের মাস ছয়েক হয়ে গেলেও তা না হওয়ায় চাপ বাড়ছিল সরকারের উপরে। সেই তালিকায় এই তেলের দাম বৃদ্ধি একটা নতুন জটিলতা সৃষ্টি করল।