
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশে শৈত্যপ্রবাহ ও তীব্র তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। ভারতে তুষার ঝড় ও বৃষ্টিতে বিপাকে পড়েছেন কাশ্মীরের সাধারণ মানুষ। একই অবস্থা বিরাজ করছে ইতালিতেও। এদিকে পোল্যান্ডের পাহাড়ী অঞ্চলে তাতরাসে তুষারঝড়ের কারণে গুরুত্বপূর্ণ সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এছাড়া স্লোভাকিয়া, নরওয়ে, গ্রিসে প্রতিকূল আবহওয়ায় দুর্ভোগে পড়েছেন পর্যটকসহ স্থানীয়রা। ভারতের শ্রীনগর ও কাশ্মীরে শুভ্র তুষারে ছেয়ে গেছে। গত বুধবার থেকে শুরু হওয়া তুষারপাতের সঙ্গে যোগ হয়েছে বৃষ্টি। এতে ঘর থেকে বাইরে বের হওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে স্থানীয়দের। বছরের শুরুতে ভারী তুষাপাতের কারণে সড়কে জমা হয়েছে তুষারের স্তূপ। এতে দুর্ঘটনা এড়াতে শ্রীনগর-জম্মু মহাসড়ক সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ইউরোপের বেশ কয়েকটি দেশে দেখা দিয়েছে তুষারপাত। ইতালির পর্বত অঞ্চল মোলিজে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে তুষার ঝড়। এতে ঘর-বাড়ির পাশের সড়কে প্রায় ২ মিটার উচ্চতার বরফের স্তূপ জমেছে। এছাড়া বিভিন্ন জায়গায় বরফের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়া বিপাকে পড়েছেন স্থানীয়রা। এদিকে পোল্যান্ডের পশ্চিম তাতরাসে অনেকেই ঘরের দরজা খুলেই দেখে ৫ থেকে ৬ ফুট উচ্চতার বরফ জমে রয়েছে দরজার সামনে। এতে বরফ সড়াতে ব্যস্ত সময় কাটাচ্ছেন স্থানীয়রা।