
আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ গ্যাবনে সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে গ্যাবনের পার্শ্ববর্তী দেশ কঙ্গোর রাজধানী কিনাশাতে নির্বাচনী সহিংসতা থেকে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং কূটনৈতিক কর্মকর্তাদের সুরক্ষা দিতে এ সেনা মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে গতকাল শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসে পাঠানো একটি চিঠিতে জানান, গত বুধবার ৮০ শতাংশ সেনা গ্যাবনে পৌঁছেছে। ওই চিঠিতে ট্রাম্প আরো বলেন, প্রয়োজনে অতিরিক্ত আরো সেনা গ্যাবন, কঙ্গোতে মোতায়েন করা হতে পারে। কঙ্গো প্রজাতন্ত্রে নিরাপত্তা পরিস্থিতিতে যখন সেনাদের আর প্রয়োজন হবে না তখন তারা সরে আসবে।
নির্ধারিত সময়ের দুই বছর পর গত ৩০ ডিসেম্বর কঙ্গোতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ভোটের ফলাফল ৬ জানুয়ারি প্রকাশ করার কথা থাকলেও কঙ্গোর নির্বাচন কমিশন জানায় নির্বাচনের ফল আসার মন্থর গতির কারণে সেটি আরো তিনদিন দেরি হবে। পর্যবেক্ষকরা বলছে কঙ্গোতে অনুষ্ঠিত ৩০ ডিসেম্বরের বড় ধরণের অনিয়ম হয়েছে। উল্লেখ্য, কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট জোসেফ কাবিলা গত ১৮ বছর ধরে দেশটির ক্ষমতায় রয়েছে। বিরোধীরা অভিযোগ করছে যে কাবিলার দল ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য নির্বাচনে বড় ধরণের কারচুপি করেছে।