
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের সবচেয়ে ধনী ১০ জন ব্যক্তির হাতে যতো সম্পদ আছে সেই সম্পদের পরিমাণ বিশ্বের অর্ধেক মানুষের সম্পদের সমান, বলছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফ্যাম। গতকাল বুধবার সংস্থাটি এসংক্রান্ত যেসব তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান ক্রমশই বাড়ছে। এবং এই ব্যবধান যতো হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিলো আসলে তার চাইতেও অনেক বেশি। এই ১০ জনের মধ্যে রয়েছেন বিল গেটস, মার্ক জাকারবার্গ এবং জেফ বেজস। অক্সফ্যাম বলছে, এই ১০ জনের হাতে যতো সম্পদ রয়েছে তার পরিমাণ বিশ্বের ৩৬০ কোটি দরিদ্র মানুষের সম্পদের সমান। তবে অনেকেই অক্সফ্যামের এই তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, প্রতি বছর অক্সফ্যাম সম্পদের যে পরিসংখ্যান তুলে ধরছে সেটা ঠিক আছে, কিন্তু সংস্থাটি এর যে ব্যাখ্যা দিচ্ছে সেটি ঠিক নয়। গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সের একজন গবেষক মার্ক লিটলউড বলেছেন, অক্সফ্যামের উচিত প্রবৃদ্ধি বাড়ানোর উপায়ের দিকে জোর দেওয়া।অক্সফ্যামের প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশ করা হলো যখন সুইজারল্যান্ডে শুরু হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন। এই সম্মেলনে বিশ্বের প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন। অক্সফ্যামের একজন কর্মকর্তা ক্যাটি রাইট বলেছেন, এটা নিয়ে কোন সন্দেহ নেই যে ডাভোস সম্মেলন শুধু ধনী লোকেদের কথার ফুলঝুরির সম্মেলন হয়ে দাঁড়িয়েছে।
১। জেফ বেজসঃ- জেফ বেজস তিনি ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী মানুষ। অনলাইন বিপণন সংস্থা আমাজনের প্রতিষ্ঠাতার সম্পত্তির পরিমাণ ১১২০০ কোটি ডলার।
২। বিল গেটসঃ- দ্বিতীয় স্থানে রয়েছেন মাইক্রোসফট সংস্থার প্রধান বিল গেটস। তার সম্পত্তির পরিমাণ ৯০০০ কোটি ডলার।
৩। ওয়ারেন বাফেটঃ- বিশ্বের অন্যতম আমেরিকান বিনিয়োগকারী এবং বার্কশায়ার হাথাওয়ের সিইও ওয়ারেন বাফেটের সম্পত্তির পরিমাণ ৮৪০০ কোটি ডলার। ধনীর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।
৪। বার্নার্ড আরনল্টঃ- এলভিএমএইচ চেয়ারম্যান বার্নার্ড আরনল্টের সম্পত্তির পরিমাণ ৭২০০ কোটি ডলার। চতুর্থ স্থানে রয়েছেন বার্নার্ড।
৫। মার্ক জুকারবার্গঃ- ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ধনীর তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তার মোট সম্পত্তির পরিমাণ ৭১০০ কোটি ডলার।
৬। আমানসিও ওরটেগাঃ- ইন্ডিটেক্সের প্রতিষ্ঠাতা আমানসিও ওরটেগা, যিনি জারা ক্লথিং চেইনের চেয়ারম্যানও, তার সম্পত্তির পরিমাণ ৭০০০ কোটি ডলার।
৭। ডেভিড কোচঃ- কোচ ইন্ডাস্ট্রিজের কর্ণধার ডেভিড কোচ এবং তার ভাই বিশ্বের ধনী তালিকায় অষ্টম এবং নবম স্থানটি দখল করে রেখেছেন। মোট সম্পত্তির পরিমাণ ৬০০০ কোটি ডলার।
৮।ল্যারি এলিসনঃ- অরাকেল প্রধান ল্যারি এলিসন, তার সম্পত্তির পরিমাণ ৫৮৫০ কোটি ডলার।
৯। মুকেশ অম্বানীঃ- বিশ্বের ধনীদের মধ্যে আরেকজন ভারতের শিল্পপতি মুকেশ অম্বানী। প্রথম কুড়ির তালিকায় ভারতের একমাত্র শিল্পপতি। তার মোট সম্পত্তির পরিমাণ ৪০১০ কোটি ডলার।
১০। জ্যাক মায়াঃ- আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মায়ের এক ধাপ উঁচুতে রয়েছেন অম্বানী। জ্যাক মায়ের সম্পত্তির পরিমাণ ৩৯০০ কোটি ডলার।