
আন্তর্জাতিক ডেস্কঃ প্রায় তিন দশক পর ১১ নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে সিরিয়াল কিলার হিসেবে পরিচিত গাও চেংইয়ং ৫৪ নামে এক ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। আজ বৃহস্পতিবার সকালে ওই ধর্ষককে ফাঁসিতে ঝুলানো হয়। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে দেয়া এক বিবৃতিতে তার মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করেছেন আদালত। বিবৃতিতে বলা হয়েছে,চীনের সুপ্রিম কোর্ট অভিযুক্ত এ ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়েছিল।
গ্যানসু ও পার্শ্ববর্তী ইনার মঙ্গোলিয়া অঞ্চলে ১৯৮৮ থেকে ২০০২ সালের মধ্যে অন্তত ১১ জন নারী ও তরুণীকে ধর্ষণ,হত্যা করেছে গাও চেংইয়ং। এছাড়া তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগও আছে। গত বছরের মার্চে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের গ্যানসু প্রদেশের বাইয়িন শহরের একটি আদালত তাকে ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন। ২০১৬ সালে চেংইয়ংকে গ্রেফতার করে পুলিশ। নৃশংসতার মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে,কিছু নারী ও তরুণীর বিশেষ অঙ্গ কেটে ফেলতেন এই সিরিয়াল কিলার। তাকে ধরতে পুলিশের কয়েক বছর কেটে যায়।