
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বলেছেন,মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানের একত্রীকরণ অবশ্যম্ভাবী। গতকাল বুধবার দেওয়া এক ভাষণে তিনি বলেন, দ্বীপটি স্বাধীনতার চেষ্টা চালালে সেখানে শৃঙ্খলা ফেরাতে সামরিক শক্তি প্রয়োগেও পিছপা হবে না চীন। তাইওয়ানকে নিজের ভূখণ্ডের একটি অংশ বলেই মনে করে চীন। যদিও ১৯৪৯ সালের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকেই পৃথকভাবে পরিচালিত হয় এই দুটি অংশ। তাইওয়ানের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভাষণে চিনপিং বলেন,চীন অবশ্যই ঐক্যবদ্ধ আছে এবং থাকবে,যা আধুনিক কালের চীনা জনসাধারণের অনিবার্য এক চাহিদা। তিনি তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারী এবং বাইরের শক্তির উদ্দেশ্যে আরো বলেন, সামরিক শক্তি ব্যবহার করা হবে না, এমন কোনো প্রতিশ্রুতি আমরা দিতে পারি না। প্রয়োজন হতে পারে,এমন সব ধরনের ব্যবস্থাই আমাদের হাতে রয়েছে। এরা একত্রীকরণের ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তিনি। চিনপিং একত্রীকরণের বিষয়টি ‘এক দেশ,দুই ব্যবস্থা হিবেসে অভিহিত করেন,যা তাইওয়ানিজদের কল্যাণ ও স্বার্থের সুরক্ষা দিচ্ছে। তাইওয়ান অবশ্য নিজেকে সার্বভৌম দেশ হিসেবেই বিবেচনা করে। তাদের নিজস্ব মুদ্রা রয়েছে। রয়েছে রাজনৈতিক ও বিচারিক ব্যবস্থাও। তবে মূল ভূখণ্ড থেকে কখনোই তারা স্বাধীনতার ঘোষণা দেয়নি। তবে সাই ইং ওয়েন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত দুই বছর ধরে সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে। ওয়েন তাইওয়ানকে এক চীনের আওতায় বলে মানতে চায় না। ওয়েন গত মঙ্গলবার চীনকে সতর্ক করে বলেন,মূল ভূখণ্ডে যেমন কর্তৃত্বপরায়ণ শাসন চলে তেমনটি তাইওয়ানের জনগণ কখনোই মেনে নেবে না।
তিনি বলেন,বেইজিংকে অবশ্যই দুই কোটি ৩০ লাখ মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রের মূল্য দিতে হবে। বিশ্লেষকদের মতে,চিনপিং তাঁর ভাষণে তাইওয়ান প্রসঙ্গে কঠিন অবস্থানের কথা বললেও এই বক্তব্য মূলত চীনের মূল ভূখণ্ডের জন্য। তাইওয়ান নরমাল ইউনিভার্সিটির রাজনৈতিক বিশ্লেষক ফান শিহ পিং বলেন,এই বক্তব্যে নতুন কিছু নেই। একত্রীকরণের কথা এতে বলা হয়েছে তবে অন্য কোনো দেশের জন্য এতে নতুন কোনো বার্তা নেই। গত বছর তাইওয়ান প্রণালিতে যুক্তরাষ্ট্র কয়েকটি জাহাজ পাঠিয়েছিল। এই প্রণালিকে চীন তার নিজ সীমান্তের অংশ বলে মনে করে। যদিও যুক্তরাষ্ট্রের মতে,এটি আন্তর্জাতিকভাবে চলাচলের জন্য উন্মুক্ত। ঘটনাটি চীনকে ক্ষুব্ধ করে। ওয়াশিংটন অবশ্য দীর্ঘদিন থেকেই তাইপের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তাইওয়ানের মূল অস্ত্র সরবরাহকারীও তারাই। হংকং ব্যাপ্টিস্ট ইউনিভার্সিটির চীনা পররাষ্ট্রনীতিবিষয়ক অধ্যাপক জ্যঁ পিয়েরে কেবেসটান বলেন,চিনপিংয়ের বক্তব্য ওয়াশিংটনকে সন্তুষ্ট করবে না বলেই মনে করা হচ্ছে। তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে রাখতে চীন ‘এক দেশ দুই ব্যবস্থা নীতি গ্রহণ করে। ১৯৯৭ সালে ব্রিটেনের কাছ থেকে হংকংয়ের নিয়ন্ত্রণ গ্রহণ করার সময়ও এই নীতি গ্রহণ করে চীন। তবে হংকংবাসীর ব্যক্তিস্বাধীনতা ক্রমেই কমিয়ে আনছে চীন। এ নিয়ে তাইপের মধ্যেও ভীতি আছে। গণতন্ত্রপন্থী হংকংয়ের আইন প্রণেতা ক্লাউডিয়া মো বলেন,চীন হংকংকে গিলে খাচ্ছে। শুধু রাজনৈতিভাবেই নয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবেও। তারা যেকোনো উপায়ে হংকংকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করতে চায়। একই ব্যবস্থা তাইওয়ানের জন্য নেওয়া হতে পারে।