
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ায় একটি ১০ তলা অ্যাপার্টমেন্ট ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। গ্যাস বিস্ফোরণ থেকে ভবনটিতে ধস নামে বলে ধারণা করা হচ্ছে। এখনো এ ঘটনায় ৫জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিহতদের মৃতদেহ ভবনটির ধসে পড়া অংশের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ।
গত সোমবার ভোররাতে মস্কো থেকে এক হাজার ৭০০ কিলোমিটার পূর্বে দক্ষিণ উরাল অঞ্চলের শিল্প শহর মাগনিতাগোর্সকে ১০তলা একটি ভবনের একটি অংশ ধসে পড়ে। এতে ৪৮টি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়। ভবনটি ধসে যাওয়ার ৩৫ ঘণ্টা পর গত মঙ্গলবার ধ্বংসস্তুপের ভিতর থেকে ১১ মাসের একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। হিমাঙ্কের নিচে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শিশুটির বেঁচে থাকাকে ‘বিস্ময়কর’বলে বর্ণনা করেছেন উদ্ধারকর্মীরা। ভবনটির ভেতর থেকে এ পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জরুরি মন্ত্রণালয়। ভবনটিতে তল্লাশি ও উদ্ধার অভিযানে ৯০০ কর্মী কাজ করছে বলে জানা গেছে ।