
আন্তর্জাতিক ডেস্কঃ পাপুয়া নিউগিনিতে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের রিখটার স্কেলে এর মাত্রা ৬.৯ ছিল বলে জানা গেছে। তবে ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস জানায়, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫ টা ২৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নিউ ব্রিটেন দ্বীপের রাবাউল থেকে ১৬২ কিলোমিটার দূরে। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়গিরির বলয়ের (রি অব ফায়ার) মধ্যে অবস্থিত বিপুলায়তন এই দ্বীপ রাষ্ট্রটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ দেশ বলে পরিচিত। এদিকে ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি আশঙ্কায় কাজ বন্ধ করে দিয়েছে সেখানকার তেল ও গ্যাস কোম্পানিগুলো। এক্সনমবিল করপোরেশন বলছে, তাদের প্লান্ট ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি হওয়ায় তারা কাজ আপাতত বন্ধ রেখেছে।