
আন্তর্জাতিক ডেস্কঃ ইরান, সিরিয়া ইস্যুতে ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতকালে নিজ দেশের এমন অবস্থান পুনর্ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে এতে করে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজের ক্ষেত্রে কোনও পরিবর্তন আসবে না। মাইক পম্পেও আরও বলেন, আইএস-বিরোধী অভিযানের পাশাপাশি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও ইরানি আগ্রাসন থেকে ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূরণে সব রকমের তৎপরতা অব্যাহত রাখবে। তিনি বলেন, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার আগে আমেরিকা যেভাবে ইসরাইলের পাশে ছিল, সেনা প্রত্যাহারের পরও একইভাবে পাশে থাকবে।