
আন্তর্জাতিক ডেস্কঃ নোট বাতিল আদৌ কোনও আচমকা সিদ্ধান্ত ছিল না বলেই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ গতকাল মঙ্গলবার সংবাদ মাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে সেকথাই জানিয়েছেন তিনি ৷ প্রধানমন্ত্রীর দাবি, এক বছর আগে থেকে এই ব্যাপারে সতর্ক করা হয়েছিল৷ এই সিদ্ধান্তের বছর খানেক আগে থেকে বলা হচ্ছিল কালো টাকা জরিমানা সমেত সরকারের ঘরে জমা দিতে ৷ সেই ইঙ্গিত দেওয়া স্বত্তেও অনেকেই সেটা আমল দেয়নি তাই তাদের এমন ভোগান্তি পোয়াতে হয়েছে বলেই অভিমত মোদীর ৷
গতকালর সাক্ষাৎকারে মোদী জানিয়েছেন, এই নোটবন্দির আগে একেবারে সমান্তরাল অর্থনীতি চলছিল ৷ নোটবাতিলের পর ওই সব বস্তাবন্দি টাকা ফিরে এসেছে ব্যাংকিং ব্যবস্থায়৷আগেও মোদী দাবি করেছিলেন নোট বাতিল হল ‘তেতো ওষুধ’ আর তা প্রয়োগ করতেই হবে এতদিন ধরে দুর্নীতি গোটা ব্যবস্থার মূলে ঢুকে পড়া ব্যাধির চিকিৎসার জন্য৷ তবে এই নোটবাতিল নিয়ে বহুবার সমালোচনার মুখে পড়েছেন মোদী৷ একদিকে যেমন বিরোধী রাজনৈতিক দলগুলি এর বিরোধিতায় সোচ্চার হয়েছিল তেমনই আবার নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন থেকে শুরু করে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন সহ অনেকেই এমন সিদ্ধান্ত সমালোচনা করেছেন ।